পথকুকুর নিয়ে অভিযোগে কাজ হয়নি! সরকারি অফিসেই কুকুর ছেড়ে বিক্ষোভ
ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুব সেনার ওই নেতা বেশ কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে ওই সরকারি আধিকারিকের কার্যালয়ে প্রবেশ করেন।
Truth of Bengal: মহারাষ্ট্রের নাসিকে পথকুকুরের উপদ্রব এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে এক নজিরবিহীন অভিনব প্রতিবাদ দেখালেন যুব সেনার এক নেতা। সমস্যার সুরাহা না পেয়ে সরাসরি সরকারি অফিসে ঢুকেই আধিকারিকের টেবিলে একের পর এক কুকুরছানা ছেড়ে দিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনাটির একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুব সেনার ওই নেতা বেশ কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে ওই সরকারি আধিকারিকের কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের হাতে ছিল বস্তাবন্দি একাধিক কুকুরছানা। কথা বলতে বলতেই বস্তার মুখ খুলে তিনি কুকুরছানাগুলিকে এক এক করে আধিকারিকের কাজের টেবিলে ছেড়ে দিতে শুরু করেন। আকস্মিক এই ঘটনায় সেখানে উপস্থিত আধিকারিক ও কর্মচারীরা পুরোপুরি হতবাক হয়ে যান। শুধু কুকুরছানাই নয়, সঙ্গে টাকার তৈরি একটি মালাও রাখা হয় সেই টেবিলে।
বিক্ষোভকারীদের দাবি, নাসিকের নিফাদ ও তার আশেপাশের এলাকায় পথকুকুরদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রতিদিন শিশু, বৃদ্ধ, পথচারী এবং বাইকচালকরা আক্রান্ত হচ্ছেন। কুকুরের কামড়ে অনেকেই জখম হয়েছেন বলে অভিযোগ।
বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দরবার করা হলেও কোনো স্থায়ী সমাধান বা কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই ক্ষোভের বশে সরকারি কর্তার নজর কাড়তে এই অদ্ভূত ও চরম পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান যুব সেনার কর্মীরা।


