দেশ

পিতৃপক্ষ শুরুর আগেই মেগা মাস্টারস্ট্রোক! আগামী সপ্তাহেই ফের খুলছে সংসদের দরজা?

সেজন্য আগামী সপ্তাহেই তিন দিনের একটি সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হতে পারে। খাতায়-কলমে এটিকে বিশেষ অধিবেশন না বলে বাদল অধিবেশনেরই বর্ধিত অংশ হিসেবে গণ্য করা হবে।

Truth of Bengal: ডিলিমিটেশন বা লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মহাগুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলটি পাশ করাতে ফের বেনজির পদক্ষেপ নিতে পারে মোদি সরকার। সূত্রের খবর, আগামী ২৬ সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই এই বিলটি সংসদে পাশ করিয়ে নিতে চাইছে শাসকশিবির। সেজন্য আগামী সপ্তাহেই তিন দিনের একটি সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হতে পারে। খাতায়-কলমে এটিকে বিশেষ অধিবেশন না বলে বাদল অধিবেশনেরই বর্ধিত অংশ হিসেবে গণ্য করা হবে।

গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলেও, সাধারণত কয়েক দিনের মধ্যে জারি হওয়া আনুষ্ঠানিক সমাপ্তি বা অবসানের বিজ্ঞপ্তি কেন্দ্র এখনও প্রকাশ করেনি। রাষ্ট্রপতি কর্তৃক এই প্রজ্ঞাপন জারি না হওয়ায় আইনি দিক থেকে বাদল অধিবেশন এখনও সক্রিয় রয়েছে। ফলে নতুন করে অধিবেশন ডাকার আইনি জটিলতা এড়িয়েই সরকার সংসদ চালু করতে পারবে।

সংবিধান সংশোধনী আইন পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ অন্তত ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। যেখানে বর্তমানে এনডিএ শিবিরের হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন। এর আগে একবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার বিরোধীদের আড়ালে রেখে কৌশল সাজাচ্ছে কেন্দ্র। ডিএমকের অবস্থান এবং কিছু বিরোধী সাংসদের ভোটদানে বিরত থাকা বা ক্রস ভোটিংয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংখ্যাবল জোগাড়ের হিসাব কষা হচ্ছে।

এনডিএ শরিকদের দাবি, সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করতে একাধিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। সব জল্পনা সত্যি হলে, পিতৃপক্ষের আগেই সংসদের এই বর্ধিত অধিবেশনে ডিলিমিটেশন বিল পেশ করে জাতীয় রাজনীতিতে বড় চমক দিতে চলেছে মোদি সরকার।