‘ডায়েটে আছি!’ গণেশের প্রসাদ পাপারাৎজিদের হাতে তুলে দিয়ে ট্রোলের শিকার রণবীর
এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ার একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে।
Truth of Bengal: ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুরকে ঘিরে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই একটি পুরনো ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা। গণেশ পুজোর মণ্ডপে গিয়ে প্রসাদ না খেয়ে তা উপস্থিত ছবিশিকারীদের দিয়ে দেওয়ার দৃশ্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওতে দেখা যায়, সাধারণ পোশাকে গণেশ মূর্তির সামনে গিয়ে প্রণাম করছেন রণবীর। এরপর পুরোহিত তাঁর হাতে প্রসাদের একটি বাক্স তুলে দেন। কিন্তু অভিনেতা সেটি নিজের কাছে না রেখে পাশে থাকা পাপারাৎজিদের হাতে তুলে দিয়ে বলেন, তিনি ডায়েটে রয়েছেন, তাই তাঁরা যেন নিজেদের মধ্যে ভাগ করে নেন।
Ranbir Kapoor refused Ganpati Bappa’s prasad, saying he was “on a diet,” and then handed it over to the paparazzi. pic.twitter.com/Xvs4kEKxP2
— qpzm news (@qpzmnews) September 16, 2026
এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ার একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। কারও প্রশ্ন, প্রসাদ একটু মুখে দিলেই বা কী হত? কেউ আবার মন্তব্য করেন, ঈশ্বরের প্রসাদ এভাবে ফিরিয়ে দেওয়া উচিত নয়। সমালোচনার মধ্যে রণবীরের পুরনো কিছু মন্তব্য টেনে এনে ব্যক্তিগত আক্রমণও শুরু হয়। যদিও ঘটনার অন্য একটি দিকও সামনে এসেছে। মুম্বইয়ের একাধিক পাপারাৎজি মহলের দাবি, ভিডিওটি এ বছরের নয়, বরং ২০২৩ সালের। অর্থাৎ সাম্প্রতিক গণেশ পুজোর সঙ্গে সরাসরি এই ভিডিওর কোনও যোগ নেই। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়াতেই ফের বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনাটি আরও আলোচনায় এসেছে রণবীরের আসন্ন ‘রামায়ণ’ ছবিকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনার আবহে। ছবিতে রামের ভূমিকায় তাঁর লুক ও অভিনয় নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে। ফলে ধর্মীয় আবহের একটি ভিডিও সামনে আসতেই তার প্রতিক্রিয়াও হয়েছে আরও তীব্র। তবে রণবীর কেন প্রসাদ খাননি, তার ব্যাখ্যা ভিডিওতেই স্পষ্ট—তিনি জানিয়েছিলেন, সেই সময়ে তিনি ডায়েটে ছিলেন। তবু নেটদুনিয়ার একাংশের কটাক্ষ থামেনি। পুরনো একটি মুহূর্ত নতুন করে ভাইরাল হয়ে কীভাবে বড় বিতর্কের জন্ম দিতে পারে, রণবীর কাপুরের এই ভিডিও তারই সাম্প্রতিক উদাহরণ।






