২০ দিনেও খোঁজ নেই স্ত্রীর! আশার খবর পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শুভ্রাংশু
গত ২৫ আগস্ট রাতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন শর্মিষ্ঠা।
Truth of Bengal: নেপালের ভয়াবহ হড়পা বান ও হিমবাহ হ্রদ বিপর্যয়ের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিকের। কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হন তিনি। তবে এখনও আশাবাদী শুভ্রাংশু। তাঁর বিশ্বাস, বিপর্যয়ের আগেই শর্মিষ্ঠা চিন সীমান্তের নিরাপদ এলাকায় পৌঁছে গিয়েছিলেন।
গত ২৫ আগস্ট রাতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন শর্মিষ্ঠা। তখন তিনি জানিয়েছিলেন, ভিসা হাতে এসেছে এবং পরদিনই মানস সরোবরের উদ্দেশে রওনা দেবেন। তার পরদিনই নেপালে ভয়াবহ বিপর্যয় ঘটে। সেই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের বহু পর্যটকের এখনও কোনও সন্ধান নেই।
শুভ্রাংশুর দাবি, একটি চিনা সংস্থার সূত্রে পর্যটকদের চিন সীমান্তের দিকে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে। বিষয়টি ভারত ও চিনের সরকারি স্তরে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ ও ফিরে আসা পর্যটকদের ছবি-সহ তালিকা সরকারি পোর্টালে প্রকাশের দাবি তুলেছেন।
এবার নিখোঁজ পরিবারের সদস্যদের নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারের বৈঠকে প্রতি পরিবার থেকে দু’জন করে সদস্য উপস্থিত থাকবেন। শুভ্রাংশু জানিয়েছেন, তিনি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে নবান্নে যাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে কোনও আশার খবর মিলবে বলেই প্রত্যাশা তাঁর।


