‘রুল টেকার নয়, রুল শেপার’, ব্রিকসে বড় বার্তা মোদির
মোদির বক্তব্য, গ্লোবাল সাউথের দেশগুলি নানা আন্তর্জাতিক সংকটের প্রথম সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনও যথেষ্ট গুরুত্ব পায় না।
Truth of Bengal: ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের স্বাগত জানিয়ে গ্লোবাল সাউথকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ব্রিকসের ভবিষ্যৎ সংস্কারের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন তিনি।
মোদির বক্তব্য, গ্লোবাল সাউথের দেশগুলি নানা আন্তর্জাতিক সংকটের প্রথম সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনও যথেষ্ট গুরুত্ব পায় না। তাই বর্তমান ‘ক্ষমতার পিরামিড’ ভেঙে এমন এক অংশীদারিত্বমূলক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি দেশের মতামত ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারের জন্য ১০ দফা পরামর্শ তৈরির প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই রোডম্যাপে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে—প্রতিনিধিত্ব, জবাবদিহি এবং নীতি প্রণয়ন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারও আর বিলম্বিত করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি ‘ত্রয়ী’ ব্যবস্থা এবং ডিজিটাল ভাণ্ডার তৈরির প্রস্তাবও দেন মোদি। পাশাপাশি বিশ্ববাণিজ্য সচল রাখতে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার উপরও জোর দেন তিনি।






