মিছিলে না হাইকোর্টের, তবে মমতাকে শর্তসাপেক্ষে শ্রীরামপুরে সভার অনুমতি!
"ধর্মীয় ভাবাবেগে আঘাত বা উস্কানিমূলক ভাষণ দেওয়া চলবে না!" মাহেশের সভা নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ!
Truth of Bengal: হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘কালীঘাট তৃণমূল’-এর সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রাজনৈতিক সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে পুলিশের আপত্তি বহাল রেখে স্পষ্ট জানানো হয়েছে, জিটি রোডে কোনও ধরনের প্রতিবাদ মিছিল করা যাবে না। কেবল মাহেশের মাঠে নির্দিষ্ট সময় ও সীমিত জনসমাগম নিয়ে সভা করা যাবে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক কড়া শর্ত বেঁধে দিয়ে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশে এক মেগা রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছিল কালীঘাট তৃণমূল কংগ্রেস। পরিকল্পনা ছিল, মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত জিটি রোড ধরে একটি বিশাল প্রতিবাদ মিছিল শেষে জনসভা করা হবে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তবে মূল জিটি রোডে ব্যাপক যানজট ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে। এরপরই দ্বারস্থ হতে হয় আদালতের।
মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দেন, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে কোনও মিছিল করার অনুমতি দেওয়া যাবে না। তবে মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। সভা করার ক্ষেত্রে সময়সীমা দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি কোনওভাবেই যাতে ২ হাজারের বেশি জনসমাগম না হয়, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে যে, সভা থেকে এমন কোনও বক্তব্য রাখা যাবে না যা সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে বা কোনও উস্কানি সৃষ্টি করতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে। আয়োজক কমিটির পক্ষ থেকে কারা স্বেচ্ছাসেবক থাকবেন, বৃহস্পতিবার রাত ৮টার মধ্যেই ফোন নম্বরসহ সেই তালিকা স্থানীয় থানার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয় ও রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম কলকাতার গণ্ডি পেরিয়ে কোনও জেলায় পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর রাজধানীর বাইরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই প্রথম জনসভা কতটা রাজনৈতিক প্রভাব ফেলে, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।





