বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় ক্ষুব্ধ শুভেন্দু, গ্রেফতারের নির্দেশ
বিধানসভায় তিনি বলেন, কোনও ধর্মগুরু নিজের মত প্রকাশ করতেই পারেন, তা গ্রহণ করা বা না করা মানুষের ব্যক্তিগত বিষয়।
Truth of Bengal: দুর্গাপুজোয় আমিষ ভোজন নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। তাঁর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পাশাপাশি থানার সামনে তাঁর ছবি ও কুশপুতুল পোড়ানোর অভিযোগও ওঠে।
এই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি বলেন, কোনও ধর্মগুরু নিজের মত প্রকাশ করতেই পারেন, তা গ্রহণ করা বা না করা মানুষের ব্যক্তিগত বিষয়। তবে ধর্মগুরুর ছবি পোড়ানোর ঘটনা বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গাপুজোর আগে বাংলায় এসে বাগেশ্বর বাবা মন্তব্য করেছিলেন, পুজোর সময় যাঁরা আমিষ খান তাঁরা ‘পাখণ্ডী’। আমিষ ত্যাগের পরামর্শও দেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
তবে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশও বাগেশ্বর বাবার বক্তব্যের সঙ্গে একমত হয়নি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, কোনও বাইরের ধর্মগুরুর কথায় বাঙালির খাদ্যাভ্যাস বদলাবে না। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষও একই সুরে আমিষ বিতর্ককে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কে কী খাবেন তা ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে বাংলায় এসে কোনও ধর্মীয় ব্যক্তিত্বকে অপমান বা তাঁর ছবি পোড়ানোর ঘটনা সরকার মেনে নেবে না।




