বিনোদন

ইনস্টাগ্রাম পোস্টেই বাধল বিপত্তি! নোরা ফতেহির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিমান সংস্থা

নোরার মন্তব্যের কারণে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ব্যবসাতেও

Truth of Bengal: সমাজমাধ্যমে একটি চার্টার্ড বিমান নিয়ে মন্তব্য করে এবার আইনি জটিলতায় জড়ালেন নোরা ফতেহী। অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা দায়ের করেছে একটি বিমান সংস্থা। গাঁধীনগরের আদালতে দায়ের হওয়া মামলায় সংস্থাটির অভিযোগ, নোরার মন্তব্যের কারণে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ব্যবসাতেও। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ডিউন্‌স অ্যাভিয়েশন’ নামে ওই বিমান সংস্থার একটি চার্টার্ড বিমানে গত বছর ডিসেম্বর মাসে মুম্বই থেকে জয়পুর গিয়েছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভিতরের একাধিক ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেত্রী। সেই ভিডিয়োগুলির একটিতে বিমানটি সম্পর্কে কিছু মন্তব্য করেন তিনি, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

Nora Fatehi appears before ED in PMLA case against Sukesh Chandrashekhar |  Bollywood News - The Indian Express

বিমান সংস্থাটির দাবি, ভিডিয়োয় তাদের বিমানকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে বর্ণনা করেছিলেন নোরা। অভিনেত্রীর সমাজমাধ্যমে বিপুল সংখ্যক অনুরাগী থাকায় ওই ভিডিয়ো এবং মন্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সংস্থার অভিযোগ, এর ফলে সাধারণ মানুষের মনে তাদের পরিষেবা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং সংস্থার সুনাম ক্ষুণ্ণ হয়। আদালতে ‘ডিউন্‌স অ্যাভিয়েশন’ আরও দাবি করেছে, নোরা যে মন্তব্য করেছিলেন তা ছিল দায়িত্বজ্ঞানহীন। বিমানের প্রযুক্তিগত দিক সম্পর্কে যথাযথ তথ্য বা জ্ঞান ছাড়াই তিনি এমন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ সংস্থার। এমনকি কোনও তথ্য যাচাই না করেই ওই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

Nora Fatehi Redefines Power Dressing with Fierce Elegance

সংস্থার বক্তব্য, নোরার পোস্ট সামনে আসার পর থেকেই তাদের ব্যবসায় সরাসরি প্রভাব পড়তে শুরু করে। চার্টার্ড বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আগে থেকে করা বুকিং বাতিলের ঘটনাও বাড়তে থাকে। এর জেরে আর্থিক ক্ষতির পাশাপাশি সংস্থার বাণিজ্যিক ভাবমূর্তিও ধাক্কা খেয়েছে বলে আদালতে জানিয়েছে ‘ডিউন্‌স অ্যাভিয়েশন’। সেই ক্ষতিপূরণ হিসাবেই নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

Related Articles