কলকাতা

ছুটির দিনেই শপিং মলে হানা! কসবা থেকে সল্টলেক, এবার ফুড কোর্টে অভিযান পুরসভার

সব জায়গায় খাবারের সংরক্ষণ, উপকরণের মান এবং মেয়াদ খতিয়ে দেখা হয়

Truth of Bengal: খাবারের মান নিয়ে লাগাতার অভিযোগের পর এবার কলকাতার নামী শপিং মলগুলির ফুড কোর্টে অভিযান চালাল পুরসভা ও খাদ্য দপ্তর। রবিবার ছুটির দিনেই কসবার অ্যাক্রোপলিস মল, প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল, হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মল এবং সল্টলেকের সিটি সেন্টারে পৌঁছে যায় পরিদর্শক দল। রান্নাঘর থেকে ফ্রিজ—সব জায়গায় খাবারের সংরক্ষণ, উপকরণের মান এবং মেয়াদ খতিয়ে দেখা হয়। গত কয়েকদিন ধরেই কলকাতা ও জেলার বিভিন্ন হোটেল, রেস্তরাঁ এবং খাবারের দোকানে যৌথভাবে অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তর ও পুরসভা। পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ থেকে ধর্মতলার ডেকার্স লেন—একাধিক জায়গায় আগেই মিলেছে নানা অনিয়ম। কোথাও মেয়াদোত্তীর্ণ উপকরণ, কোথাও ছত্রাক ধরা খাবার, আবার কোথাও যথাযথভাবে সংরক্ষণ না করা খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

রবিবার সেই নজরদারির পরিধি আরও বাড়িয়ে নামী শপিং মলগুলির ফুড কোর্টে অভিযান চালানো হয়। মেট্রোপলিস মলে ঢুকেই রান্নাঘরে পৌঁছন আধিকারিকরা। সেখানে সবজি, রান্না করা ভাত এবং ফ্রিজে রাখা অন্যান্য খাবার একে একে পরীক্ষা করা হয়। সূত্রের খবর, বেশ কিছু খাদ্যসামগ্রীর মান নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অ্যাক্রোপলিস মলের একটি রেস্তরাঁয় ছত্রাক ধরা মাংস পাওয়া গিয়েছে বলে খবর। একটি পরিচিত বাঙালি রেস্তরাঁয় সংরক্ষিত খাবারের কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ায় সেগুলিও ফেলে দেন আধিকারিকরা। সাউথ সিটি মলের ফুড কোর্টের রান্নাঘরেও খাবার সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। শুধু খাবারের গুণমান নয়, কী তেল ব্যবহার করা হচ্ছে, রান্নার উপকরণের মেয়াদ আছে কি না, কাঁচা ও রান্না করা খাবার আলাদাভাবে রাখা হচ্ছে কি না—এই সমস্ত বিষয়ও পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।

যে সব জায়গায় অনিয়ম মিলেছে, সেখানে ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্তদের সতর্কতামূলক নোটিস দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী নষ্ট করার পাশাপাশি সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে পার্ক স্ট্রিট এবং ডেকার্স লেনের একাধিক খাবারের দোকানে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ এবং ছত্রাক ধরা খাদ্যসামগ্রী ব্যবহারের অভিযোগ সামনে আসে। সেই কারণেই এবার বড় শপিং মলের ফুড কোর্টগুলিকেও নজরদারির আওতায় আনা হয়েছে।

Related Articles