রাজ্যের খবর

তারাপীঠে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা, শুরু হল অনলাইনে বুকিং

এদিন প্রথমে মা তার পুজো দিয়ে এই অনলাইন অ্যাপ্সের শুভ উদ্বোধন করেন রামপুরহাট মহকুমা শাসক শ্রী রাথোর অশ্বিন বাবুসিংহ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।

Truth of Bengal: মা তারার দর্শনে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে আজ, রবিবার থেকে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা। এতদিন ৫০০ টাকার ভিআইপি দর্শনের জন্য কাগুজে কুপন সংগ্রহ করতে হলেও এবার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা পাবেন ভক্তরা।

এদিন প্রথমে মা তার পুজো দিয়ে এই অনলাইন অ্যাপ্সের শুভ উদ্বোধন করেন রামপুরহাট মহকুমা শাসক শ্রী রাথোর অশ্বিন বাবুসিংহ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কমল তেজা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়, সম্পাদক পুলক চট্টোপাধ্যায় সহ প্রশাসনের বিশিষ্ট আধিকারিক ও তারাপীঠ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা।

আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পর এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। আজ থেকে এই টিকিট পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যে সহ লক্ষ্য করা যায়। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন অ্যাপসের টাইম স্লট বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। আজ থেকেই এই পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।