কলম্বো টেস্ট ড্রয়ের পরেই ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড
৬০টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।
Truth of Bengal: শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গিয়েছে ভারতের। সামনে নিউজিল্যান্ড সফর। সেই সিরিজে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। পেস সহায়ক পরিবেশে সাফল্যের লক্ষ্যে তরুণ জোরে বোলার আকিব নবিকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গত রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন আকিব। ৬০টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। গুরনুর ব্রারও সেই সিরিজে খেলেননি। শ্রীলঙ্কা সফরের পর মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, দলীপ ট্রফির জন্য উত্তরাঞ্চলীয় দলে যোগ দিচ্ছেন গুরনুর।
এই পরিস্থিতিতে আকিবকে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছে দল পরিচালন কর্তৃপক্ষ। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গুরনুর দলীপ ট্রফিতে খেলার সময় আকিব যাতে ইংল্যান্ডে অন্তত দুই থেকে তিনটি লাল বলের ম্যাচ খেলতে পারেন, সেটাই লক্ষ্য। ইতিমধ্যেই উত্তরাঞ্চলীয় দলে অর্শদীপ সিং ও অংশুল কম্বোজ রয়েছেন। সুনীল কুমারের পরিবর্তে গুরনুরকে দলে নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
আকিবের কাউন্টি ক্রিকেট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে সারের হয়ে। ইংল্যান্ডের এই কাউন্টি দল একজন সুইং বোলারের খোঁজ করছে। সেই সূত্রেই আকিবকে নিয়ে আগ্রহ দেখিয়েছে সারে। দলের কর্তা এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আলেক্স স্টুয়ার্ট এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।
যদিও নিউজিল্যান্ডের পরিবেশ ইংল্যান্ডের তুলনায় কিছুটা আলাদা। তবুও ভবিষ্যতের পরিকল্পনায় আকিবকে রাখছে ভারতীয় দল। ইংল্যান্ডে লাল বলের ক্রিকেট খেলে ম্যাচের মধ্যে থাকলে নিউজিল্যান্ড সফরের আগে তাঁর অভিজ্ঞতা বাড়বে বলেই মনে করছে দল পরিচালন কর্তৃপক্ষ।
আকিবের ইংল্যান্ড যাওয়ার পথে এখন প্রধান বাধা ভিসা। ইতিমধ্যেই তাঁর ভিসার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। সব কিছু ঠিক থাকলে দেশে ফিরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারেন এই তরুণ পেসার। কাউন্টির পেস সহায়ক পরিবেশে লাল বলের ক্রিকেট খেলে নিজেকে আরও পরিণত করে তোলাই তাঁর লক্ষ্য।
ভারতীয় ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেট খেলার প্রবণতাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। মানব সুথার ইতিমধ্যেই ওয়ারউইকশায়ারের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন। কুলদীপ যাদবও ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন এবং ইয়র্কশায়ারের হয়ে খেলবেন। রয়্যাল লন্ডন এক দিনের প্রতিযোগিতায় মিডলসেক্সের হয়ে খেলেছেন আশুতোষ শর্মা। অন্যদিকে, গ্লস্টারশায়ারের হয়ে খেলছেন সাই কিশোর।
নিউজিল্যান্ড সফরের আগে তাই পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে ভারত। সেই পরিকল্পনারই অংশ হিসেবে আকিব নবিকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিসিআই।






