স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় ধুন্ধুমার! শাস্তির মুখে সুদীপ রাম, ৭ দিনের শোকজ বিজেপির
স্থানীয় বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে।
Truth of Bengal: এন্টালি থানার মূল গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপি। স্থানীয় বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, স্বাধীনতা দিবসের রাতে কেন তিনি থানার গেটে তালা লাগানোর মতো পদক্ষেপ করেছিলেন। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে তাঁকে। রাজ্যে পালাবদলের পর থেকেই নিচুতলার একাংশ নেতা-কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, বিশৃঙ্খলা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বারবার কড়া বার্তা দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। আইনশৃঙ্খলা ভাঙলে দলীয় পরিচয় দেখিয়ে কেউ ছাড় পাবেন না—এমন অবস্থান আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দলীয় কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, মানুষের জনমতের ভিত্তিতেই সরকার তৈরি হয়েছে। সেই আস্থা নষ্ট হয় এমন আচরণ করলে তার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এই আবহেই সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট। স্বাধীনতা দিবসের রাতে মধ্য কলকাতার এন্টালি থানার সামনে বিজেপির একাংশ কর্মী-সমর্থক বিক্ষোভে জড়িয়ে পড়েন। অভিযোগ, স্থানীয় স্তরে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন সুদীপ রাম।
অভিযোগ, একসময় তিনি এন্টালি থানার মূল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। ফলে থানার ভিতরে থাকা পুলিশকর্মীদের যাতায়াতে সমস্যা তৈরি হয়। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের তালা খুলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছিল, শাসকদলের একজন স্থানীয় নেতা কীভাবে থানার গেটে তালা লাগানোর মতো পদক্ষেপ করতে পারেন। সেই বিতর্কের মধ্যেই এবার সাংগঠনিক ব্যবস্থা নিল বিজেপি। শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় সুদীপ রামকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তাঁর জবাব সন্তোষজনক না হলে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।


