এশিয়ান গেমসের দৌড়ে বৈভব, বাইরে সূর্য, জাপানে ভারতের স্বর্ণপদক মিশনে বড় চমক
সবচেয়ে বেশি নজর কেড়েছে ১৫ বছরের বৈভব সূর্যবংশী।
Truth of Bengal: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য দল ঘোষণা করে বড় চমক দিল বিসিসিআই। ভারতীয় টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাখা হয়নি দীর্ঘ তালিকায়। ফলে তিনি শুধু অধিনায়কত্বই নয়, এশিয়ান গেমসের স্কোয়াডেরও অংশ হতে পারবেন না।
সবচেয়ে বেশি নজর কেড়েছে ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলে বিস্ফোরক ব্যাটিংয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে উঠে আসা এই তরুণকে সম্ভাব্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকের মতে, জাতীয় দলের দরজা এখন তার জন্য প্রায় খুলেই গিয়েছে।
সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন টি-২০ বিশ্বকাপজয়ী দলের ১৩ জন সদস্য। জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং ঈশান কিসানদের উপস্থিতি ভারতকে বাড়তি শক্তি দেবে। তবে সূর্যকুমার যাদব এবং মহম্মদ সিরাজের অনুপস্থিতি নিঃসন্দেহে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিসিসিআইয়ের দীর্ঘ তালিকায় আরও রয়েছেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। এই ৩০ জনের মধ্য থেকেই চূড়ান্ত ১৫ সদস্যের দল নির্বাচন করা হবে। তালিকার বাইরে থেকে কাউকে নেওয়ার সুযোগ নেই, কারণ আয়োজকদের কাছে ইতিমধ্যেই এই দীর্ঘ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে এশিয়ান গেমস হতে পারে বড় মঞ্চ। তবে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরের ব্যস্ত সূচির কারণে নতুন মুখদের সুযোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে ২০২৩ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল ভারত। সেই দলের নয়জন সদস্য এবারও সম্ভাব্যদের তালিকায় জায়গা পেয়েছেন। রুতুরাজও সেই তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ নাম।
এশিয়ান গেমসে ভারতীয় দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ গৌতম গম্ভীর। কারণ দীর্ঘ তালিকায় তাঁর নাম নেই। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতার সময় ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে। সেখানে শুভমন গিলের দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। অন্যদিকে এশিয়ান গেমসের জন্য কোচ হিসাবে দীর্ঘ তালিকায় রাখা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে।
সম্ভাব্য ক্রিকেটার: ঈশান কিসান, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অনুকূল রায়, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, আয়ুশ বাদোনি, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, হর্ষ দুবে, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, নীভিল আহমেদ, রবি বিষ্ণোই, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শিবম দুবে, তিলক বর্মা, বৈভব সূর্যবংশী, বিপ্রজ নিগম, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, যশ ঠাকুর।






