নেতাজি মূর্তিতে মাল্যদান সেরে ফিরতেই তুলকালাম! শ্যামবাজারে মমতাকে ঘিরে উঠল ‘চোর’ স্লোগান
হালিশহরের পর এবার শ্যামবাজার! কলকাতার বুকেই ফের মমতাকে লক্ষ্য করে চরম কটূক্তি
Truth of Bengal: হালিশহরের রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমার প্রাণকেন্দ্র শ্যামবাজার। ফের একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথেই এই নজিরবিহীন ঘটনার মুখোমুখি হতে হয় তাঁকে। বিজেপি কর্মী-সমর্থকদের আচমকা এই বিক্ষোভে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র এলাকা। বিশৃঙ্খলা সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার সূত্রপাত বিপ্লবীদের শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে। এদিন বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে রাজ্য সরকারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি, বিপ্লবীদের অপমানের অভিযোগ তুলে বিজেপিকে পাল্টা জবাব দিতে শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশে বিশেষ জমায়েতের ডাক দিয়েছিল তৃণমূল। সেখানে উপস্থিত হয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানের তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি তোপ দাগেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
তবে বিতর্ক বাধে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি শেষ করে এলাকা ছাড়ার মুখে। অভিযোগ, ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত হন বহু বিজেপি কর্মী-সমর্থক। তাঁরা পথ আটকে মমতাকে লক্ষ্য করে তীব্র স্বরে স্লোগান তুলতে শুরু করেন। শুধু তাই নয়, রাজপথের ওপর বসে পড়েও ‘চোর হ্যায়, চোর হ্যায়’ ধ্বনি দিতে থাকেন বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় রণক্ষেত্রের রূপ নেয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়।
এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি কর্মীদের দাবি, “আমরা বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনে কোনও বাধা সৃষ্টি করিনি। কর্মসূচি শেষ হওয়ার পর চোরকে চোর বলেছি, এতে আপত্তির কিছু নেই।” অন্যদিকে, মাত্র একদিন আগেই রবিবার হালিশহরে এক মৃত দলীয় কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্তার মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তাঁকে লক্ষ্য করে জল-কাদা ছোড়ার পাশাপাশি ‘চোর’ স্লোগান ওঠার অভিযোগ ওঠে। একদিনের ব্যবধানে কলকাতার বুকে একই ঘটনার পুনরাবৃত্তিকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।






