সাময়িক স্বস্তি রাজ্যে! বৃষ্টি কমলেও আর্দ্রতার দাপটে অব্যাহত অস্বস্তিকর গরম
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তি। কয়েকদিনের ভারী বৃষ্টির পর সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা মিলেছে রোদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।
তবে এই স্বস্তি খুব বেশি দিনের নাও হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টি কমলেও অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই মিলছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টির পরিমাণ আরও কমলে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।





