রাজ্যের খবর

নিজের এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক! গাড়ি ঘিরে ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর

প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব! মন্তেশ্বরে বিজেপি বিধায়কের ওপর প্রাণঘাতী হামলা

Truth of Bengal: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ও গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করল। নিজ বিধানসভা এলাকাতেই দলীয় সতীর্থদের রোষের মুখে পড়ে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, বিধায়কের গাড়ি ঘিরে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায় বিরোধী গোষ্ঠীর কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং আক্রান্ত বিধায়ককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, মন্তেশ্বরে দীর্ঘদিন ধরেই বিজেপির দলীয় অন্তর্কলহ চলছিল। মূলত সেখানে বিজেপি দুটি স্পষ্ট গোষ্ঠীতে বিভক্ত, যার একদিকে রয়েছেন স্বয়ং বিধায়ক সৈকত পাঁজার অনুগামীরা, আর অন্যদিকে অবস্থান করছেন প্রাক্তন যুব মোর্চা নেতা চিন্ময় রায়ের অনুগামীরা। বেশ কিছুদিন ধরে চলতে থাকা এই দ্বন্দ্ব সোমবার মন্তেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রকাশ্যে চলে আসে এবং এলাকাটি রণক্ষেত্রের রূপ নেয়।

ঘটনার সূত্রপাত হয় দুই গোষ্ঠীর মধ্যে এক তর্কাতর্কিকে কেন্দ্র করে। বিজেপি নেতা চিন্ময় রায়ের অভিযোগ, বিধায়কের অনুগামীরা প্রথমে তাঁদের গোষ্ঠীর সমর্থকদের ওপর চড়াও হয়। আক্রান্ত কর্মীরা যখন থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখনও মাঝপথে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এই হামলায় চিন্ময় রায়ের গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন এবং একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়।

অন্যদিকে, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছান বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। কিন্তু তিনি পৌঁছাতেই বিরোধী গোষ্ঠীর কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। বিধায়কের গাড়ি ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ ও তাণ্ডব। গাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, সৈকত পাঁজাই এলাকায় অশান্তি উস্কে দিয়ে আড়ালে সরে দাঁড়াচ্ছেন।

গাড়িতে হামলার পর ক্ষোভ প্রকাশ করে বিধায়ক সৈকত পাঁজা জানান, কর্মীদের মধ্যে অশান্তির খবর পেয়ে তিনি পরিস্থিতি শান্ত করতেই সেখানে গিয়েছিলেন, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ওপর হামলা ও হেনস্থা করা হয়েছে। এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মন্তেশ্বর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Related Articles