বিমানবন্দরে দেব-শুভশ্রীর উষ্ণ আলিঙ্গন! ‘দেশু ৭’-এর শুটিং শেষে ভাইরাল তাঁদের মিষ্টি মুহূর্ত
বিমানবন্দর থেকে সামনে এল এই জনপ্রিয় জুটির আরও একটি মুহূর্ত
Truth of Bengal: পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দেব। দীর্ঘদিনের মান-অভিমান দূরে সরিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘দেশু ৭’-এর ঘোষণা করেছেন তিনি। এই ছবির মাধ্যমে একদিকে যেমন বহুদিন পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী, তেমনই পরিচালক হিসেবেও হাতেখড়ি হতে চলেছে দেবের। ফলে ছবিটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। কখনও ছবির শুটিংয়ের দৃশ্য ফাঁস হচ্ছে, কখনও আবার নতুন অভিনেত্রী যোগ দেওয়ার গুঞ্জন ছড়াচ্ছে। সম্প্রতি ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চের বর্ষপূর্তিতে দেব-শুভশ্রীর কিছু ঘনিষ্ঠ মুহূর্তও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই আলোচনা থামতে না থামতেই এবার বিমানবন্দর থেকে সামনে এল এই জনপ্রিয় জুটির আরও একটি মুহূর্ত।
দেবের একটি ফ্যানপেজ থেকে ছড়িয়ে পড়া ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক ও চোখে রোদচশমা পরে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন অভিনেতা। উপস্থিত অনুরাগী ও সংবাদমাধ্যমের উদ্দেশে হাসিমুখে করজোড়ে অভিবাদন জানান তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। সহ-অভিনেত্রীকে দেখেই উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন দেব। মুহূর্তটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। ফ্যানক্লাবের দাবি, লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন দেব ও শুভশ্রী। বিমানবন্দরে তাঁদের আলিঙ্গনের দৃশ্য পুরনো দিনের স্মৃতি ফের উস্কে দিয়েছে জুটির অনুরাগীদের মধ্যে। এরই মধ্যে সমাজমাধ্যমে ছবির শুটিংয়ের আরও কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। সেখানে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে হালকা রঙের সরু পাড়ের শাড়ি, গলায় ফুলের মালা। অনির্বাণের গলাতেও রয়েছে মালা। তাঁদের সাজসজ্জা বেশ সাধারণ এবং সংযত।
আরও নজর কেড়েছে গাড়িতে লাগানো একটি রাজনৈতিক দলের পতাকা। সেই দৃশ্য থেকেই অনুরাগীদের একাংশের অনুমান, ‘দেশু ৭’-এর গল্পে রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ছবির প্রথম ঝলকেও এমন ইঙ্গিত মিলেছিল। প্রথম পোস্টারে দেখা গিয়েছিল যুদ্ধবিধ্বস্ত, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে একে অপরকে আগলে রেখেছেন দেব ও শুভশ্রী। দেবের কাঁধে বন্দুক, পোশাকে রক্তের দাগ। অন্যদিকে রক্তমাখা সাদা সালোয়ারে শুভশ্রী তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। সেই পোস্টারেই প্রেম, অ্যাকশন ও রাজনৈতিক অস্থিরতার মিশেলে এক ভিন্ন স্বাদের গল্পের আভাস মিলেছিল। সব মিলিয়ে ‘দেশু ৭’ এখন থেকেই টলিউডের অন্যতম চর্চিত ছবি। দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন, দেবের পরিচালনায় আত্মপ্রকাশ এবং ছবির রাজনৈতিক-অ্যাকশন ঘরানার সম্ভাব্য আবহ—সবকিছু মিলিয়ে পুজোর বক্স অফিসে বড় চমকের প্রত্যাশা বাড়ছে।






