লাইফস্টাইল

ভাইফোঁটার থালায় কী কী রাখা জরুরি? কোন জিনিস রাখলে অমঙ্গল?

ভাইফোঁটার থালা সাজানোর ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ

Truth of Bengal: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! তারপরই বাঙালির ঘরে ঘরে পালিত হবে ভাইফোঁটার উৎসব। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করবেন দিদি-বোনেরা। সঙ্গে উপহার আদানপ্রদান, মিষ্টিমুখ আর জমিয়ে খাওয়াদাওয়া তো রয়েছেই। তবে শুধু নিয়ম মেনে ফোঁটা দিলেই হল না, প্রচলিত রীতি অনুযায়ী ভাইফোঁটার থালা সাজানোর ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। কোন জিনিস রাখলে শুভ, আর কোন ভুল এড়িয়ে চলা জরুরি? জেনে নিন ভাইফোঁটার বিশেষ নিয়মকানুন।

ভাইফোঁটার থালায় কী কী রাখবেন?

প্রচলিত রীতি অনুযায়ী, ভাইফোঁটার থালায় রাখা উচিত গঙ্গাজল, শিশিরের জল, দূর্বা, চন্দন বাটা, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং মিষ্টি। পুজোর আগে স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ফোঁটা দিতে বসার পরামর্শ দেওয়া হয়। শুভ ফল কামনায় পূর্বমুখী হয়ে বসে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রীতিও প্রচলিত।

ভাইফোঁটার দিন কোন নিয়মগুলি মেনে চলবেন?

চন্দন, কেশর ও গঙ্গাজল মিশিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারেন। চাইলে শুধু চন্দনের ফোঁটাও দেওয়া যায়।

ভাই ও বোন দু’জনেই নতুন পোশাক পরলে শুভ বলে মনে করা হয়।

ভাইকে মাটিতে বসিয়ে ফোঁটা দেবেন না। জলচৌকি অথবা সুতির আসনের ব্যবস্থা করুন।

দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইফোঁটা দেওয়ার রীতি এড়িয়ে চলুন। বসে ফোঁটা দেওয়াই প্রচলিত নিয়ম।

ভাইকে পাঁচ অথবা সাত রকমের মিষ্টি খাওয়ানোর রীতি রয়েছে। তিন রকমের মিষ্টি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভাইকে মিষ্টিমুখ করানোর আগে তাঁর কাছ থেকে উপহার গ্রহণ করবেন না।

ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় এই দিন কোনও মন্দিরে পুজো দিতে পারেন।

কবে পড়ছে ভাইফোঁটার তিথি?

ভাইফোঁটার দিনক্ষণ নিয়েও রয়েছে পঞ্জিকাভেদে সামান্য পার্থক্য। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে শুরু হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া তিথি। বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে শেষ হবে সেই তিথি।

অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ডে শুরু হবে দ্বিতীয়া তিথি। বুধবার দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে তার অবসান ঘটবে।

তাই ভাইফোঁটার আয়োজনের আগে নিজের অনুসৃত পঞ্জিকা অনুযায়ী তিথি ও সময় দেখে নেওয়া জরুরি। প্রচলিত বিশ্বাস, শুদ্ধাচার ও নিয়ম মেনে ভাইফোঁটা দিলে ভাইয়ের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তবে সব নিয়মের ঊর্ধ্বে এই উৎসবের আসল মন্ত্র হল ভাই-বোনের নিখাদ ভালোবাসা ও একে অপরের পাশে থাকার অঙ্গীকার।