জন্মদিনের সকালে রুক্মিণীর জন্য ভালোবাসায় মোড়া পোস্ট! বিশেষ দিনে কী সারপ্রাইজ দিলেন টলি-সুপারস্টার?
শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা পোস্ট করলেন অভিনেতা-সাংসদ।
Truth of Bengal: জন্মদিনে শুভেচ্ছা তো অনেকেই জানান, কিন্তু প্রিয় মানুষের জন্য সেই শুভেচ্ছা যদি আসে দেবের কাছ থেকে, তা হলে তা নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকবেই। ২৭ জুন সকাল থেকেই রুক্মিণী মৈত্রর জন্মদিন ঘিরে ভক্তদের একটাই প্রশ্ন ছিল—এই বিশেষ দিনে দেব কী সারপ্রাইজ দেন? অপেক্ষা অবশ্য খুব বেশি বাড়তে দেননি টলিউড সুপারস্টার। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা পোস্ট করলেন অভিনেতা-সাংসদ।

দেবের সেই পোস্টে নজর কেড়েছে রুক্মিণীর নতুন লুক। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে মঞ্জুর চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। আর রুক্মিণীর জন্মদিনেই সেই চরিত্রের আরও এক ঝলক প্রকাশ্যে আনলেন দেব। সালোয়ার-কামিজ, হালকা মেকআপ, মুখে মিষ্টি হাসি—একেবারে স্নিগ্ধ ও ছিমছাম অবতারে ধরা দিয়েছেন রুক্মিণী। পোস্টার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। উত্তরবঙ্গের করিমূল হকের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। এই ছবিতে করিমূলের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ মঞ্জুর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। নারীদিবসের দিনই প্রথমবার মঞ্জুর লুকে রুক্মিণীকে সামনে এনেছিলেন দেব। এবার জন্মদিনে প্রকাশ্যে এল সেই চরিত্রের আরও একটি কোমল ও আবেগমাখা ঝলক।

View this post on Instagram
শুধু পোস্টার নয়, দেবের ক্যাপশনও মন ছুঁয়েছে অনুরাগীদের। রুক্মিণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ঈশ্বর যেন তাঁকে সুখ, শান্তি ও সুস্থতায় ভরিয়ে রাখেন। পাশাপাশি রুক্মিণীকে যেমন আছেন তেমনই থাকার বার্তাও দেন দেব। এই আদুরে শুভেচ্ছা ঘিরে মুহূর্তেই কমেন্টবক্স ভরে যায় অনুরাগীদের ভালোবাসায়। দেব-রুক্মিণী জুটি এর আগেও দর্শকদের উপহার দিয়েছে ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’-এর মতো ছবি। পর্দায় তাঁদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের তালিকায়। এবার বহুদিন পর ফের একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। তাই ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নিয়ে প্রত্যাশা যে আরও বেড়ে গেল, তা বলাই বাহুল্য।






