কালীপুজোর রাতেই পুর আধিকারিকের বাড়িতে হামলা! ভাঙচুরের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ রিষড়ায়
ভাঙচুরের পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ
তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায়, হুগলি: কালী পূজার রাতে রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড নবীন পল্লী এলাকায় পুরসভার আধিকারিক অসিতাভ গাঙ্গুলীর বাড়িতে হামলা চালায় বেশকিছু দুষ্কৃতী। ভাঙচুরের পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই এলাকায় একটি মদ জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল কালী পুজোর আগে। অসিতাভ পুলিশকে খবর দিয়েছেন সন্দেহ করে তার বাড়িতে হামলা চালানো হয় বলে মনে করছেন অসিতাভ বাবু। গভীর রাতে যখন তার বাড়ির সামনে জড়ো হয় দুষ্কৃতি তখন তিনি ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ তার।
আজ সকালে পদ্মপুকুর পাড় এর বাবাই আইচ এবং সুভাষ নগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অসিতাভ গাঙ্গুলী। জুয়া সট্টার ঠেক চালায় অভিযুক্তরা। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পুরসভার আধিকারিক। সকালে খবর পেয়ে পুলিশ আসে। আজ রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
নিরাপত্তা নিয়ে চিন্তিত অসিতাভ গাঙ্গুলী।
রিষড়া পুরসভা সাম্প্রতিক সময়ে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।ভেজাল তেল অসামাজিক কাজের বিরুদ্ধেও চলছে অভিযান পুলিশকে সঙ্গে নিয়ে। এই ঘটনার পর সেই কাজ থামবে না বলে জানিয়েছেন নোডাল অফিসার। পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদে পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে।






