টালায় জলের পাইপ ফেটে বিপত্তি! জলমগ্ন রেললাইন, বন্ধ চক্ররেল
ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরকমিশনার স্মিতা পাণ্ডে।
Truth of Bengal: সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিপত্তি উত্তর কলকাতার টালায়। সোমবার বেলা নাগাদ টালা জলাধারের ভূগর্ভস্থ পাইপ ফেটে হু হু করে জল বেরিয়ে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। জল জমে যাওয়ায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। এমনকী রেললাইন জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রাখতে হয় চক্ররেল চলাচলও।
ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরকমিশনার স্মিতা পাণ্ডে। সেখান থেকেই একাধিক ফোন করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করতে দেখা যায় তাঁকে। পুরকমিশনার জানান, মাটির তলায় পাইপ ফেটেছে। একই জায়গায় রেললাইন থাকায় জল বের করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। নিকাশি ব্যবস্থার দায়িত্ব রেলের হাতে থাকলেও সময়মতো জলের গতিমুখ নালার দিকে ঘোরানো হয়নি।
এই টালা জলাধার থেকেই উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফাটার ঘটনায় জল সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জমে থাকা জলের দূষণ নিয়েও উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। কবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।






