‘ভুল করতেই পারে তরুণরা’, বিতর্কের মাঝেই পড়ুয়াদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী
সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রায় তিন মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, তরুণ বয়সে মানুষ ভুল করতেই পারে এবং সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও তাদের প্রাপ্য
Truth of Bengal: শুক্রবার রাতে ফের সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় বলেন, ‘অকথ্য ভাষা ব্যবহার কোনও সমস্যার সমাধান হয় না।’ দিল্লির যন্তর-মন্তরে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলাকালীন তাঁর এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করা হলেও, সেই ঘটনায় কঠোর শাস্তির পরিবর্তে সংশ্লিষ্টদের ক্ষমা করে সঠিক পথ দেখানোর আহ্বান জানান তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রায় তিন মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, তরুণ বয়সে মানুষ ভুল করতেই পারে এবং সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও তাদের প্রাপ্য। তাঁর কথায়, ‘শাস্তি দিয়ে, আদালতের চক্করে ঘুরিয়ে বা সমাজে হেনস্থা করে পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি তাঁদের ক্ষমা করতে চাই। সমাজেরও উচিত তাঁদের গ্রহণ করা এবং সঠিক পথ দেখানো।’
Abuses never solve anything.
Let’s guide the misguided.
Let’s work together.
Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
নিজের বক্তব্য বোঝাতে একটি উপমাও দেন মোদী । তিনি বলেন, ‘কখনও কখনও দাঁতের ফাঁকে জিভ কেটে রক্ত বেরিয়ে আসে। কিন্তু তাই বলে কেউ নিজের দাঁত ভেঙে ফেলে না। কারণ দাঁতও আমাদের, জিভও আমাদের। ঠিক তেমনই এই সন্তানরাও আমাদেরই। তাঁদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব।’ প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ যুবসমাজের হাতেই। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘আমি তোমাদের জন্যই বাঁচি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই পরিশ্রম করি। আসুন, আমরা সবাই মিলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাই,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এই বার্তা এমন সময় সামনে এল, যখন যন্তর-মন্তরের ওই বিক্ষোভে এক তরুণীর তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ঘটনার জেরে প্রথমে নয়ডায় একটি অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের করা হয়। পরে ঘটনাস্থল দিল্লির আওতায় হওয়ায় মামলাটি দিল্লি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়বস্তু খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।






