কলকাতা

কুরিয়ার সংস্থার ভিতরেই চুরির ছক! কলকাতা পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৮ নভেম্বর কুরিয়ারের মাধ্যমে একটি জায়গা থেকে অন্যত্র পাঠানোর সময় মাঝপথে ২৩টি মোবাইল ফোন উধাও হয়ে যায়

Truth of Bengal: কুরিয়ার সংস্থার পণ্য পরিবহণের সময় ২৩টি মোবাইল ফোন চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। তদন্তে নেমে একটি সংগঠিত চক্রের হদিস মিলেছে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১৯টি মোবাইল হ্যান্ডসেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৮ নভেম্বর কুরিয়ারের মাধ্যমে একটি জায়গা থেকে অন্যত্র পাঠানোর সময় মাঝপথে ২৩টি মোবাইল ফোন উধাও হয়ে যায়। চুরি যাওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৫ লক্ষ ৫৪ হাজার টাকা। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে উঠে আসে, এই ঘটনার সঙ্গে নিউ আলিপুর থানায় দায়ের হওয়া আরও একটি চুরির মামলার যোগ রয়েছে। দুটি ঘটনার ক্ষেত্রেই একই কায়দায় চুরি করা হয়েছিল। ফলে তদন্তকারীদের অনুমান হয়, এর পিছনে কোনও সংগঠিত অপরাধচক্র সক্রিয় রয়েছে। এরপর প্রযুক্তিগত তথ্য, ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখে চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। তদন্তে জানা যায়, কুরিয়ার সংস্থার বর্তমান এবং প্রাক্তন কয়েকজন কর্মী চোরাই মাল কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে এই চুরির পরিকল্পনা করেছিল। পরিবহণের সময় মোবাইলগুলি সরিয়ে ফেলার পর সেগুলি বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করা হয়।

টানা তদন্ত ও একাধিক জায়গায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া ২৩টি মোবাইলের মধ্যে ১৯টি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বাকি চারটি মোবাইল উদ্ধারের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা নেটওয়ার্কের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চোরাই মোবাইল পাচারের আরও কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

Related Articles