২১ জুলাইয়ের আগে তৃণমূল ছাড়লেন মণীশ গুপ্ত! মমতার হাত ছেড়েই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ
২১ জুলাইয়ের আগেই মমতার হাত ছাড়লেন ‘শহিদ’ দিবসের সেই বিতর্কিত নায়ক!
Truth of Bengal: ঐতিহাসিক ২১ জুলাইয়ের ঠিক প্রাক্কালে বড়সড় ভাঙন শাসক শিবিরে। তৃণমূলের চরম ভরাডুবির আবহে এবার দল ছাড়ার ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আমলা মণীশ গুপ্ত। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের ওপর পুলিশি গুলিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত। অথচ ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই সমস্ত অতীত ভুলে এই মণীশ গুপ্তকেই দলে টেনে বিধায়ক ও মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিতর্কিত নেতাই শহিদ দিবসের ঠিক আগে মমতার হাত ছাড়লেন। সংবাদমাধ্যমে দল ছাড়ার কথা নিজেই নিশ্চিত করেছেন মণীশ গুপ্ত।
প্রাক্তন এই মন্ত্রী জানান, দল ছাড়লেও তিনি এখনও অফিশিয়ালি পদত্যাগপত্র পাঠাননি। তাঁর কথায়, ‘‘এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়েই দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।”
ছাব্বিশের ভোটের পর ছন্নছাড়া তৃণমূল
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় ফলাফলের পর থেকেই দল কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিছুদিন আগেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ ‘বিদ্রোহ’ ঘোষণা করে তৃণমূল ছেড়ে অখ্যাত এনসিপিআই (NCPI) দলে যোগ দিয়েছেন। এরপরই কাকলি ঘোষ দস্তিদার ৩৩ বছর আগের সেই কালো অধ্যায় টেনে এনে প্রশ্ন তোলেন, যে মণীশ গুপ্তের নির্দেশে চলা গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল, কেন তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত না করে তৃণমূলে স্থান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে মণীশ গুপ্তর বিরুদ্ধে নতুন করে তদন্তের আবেদনও জানান কাকলি।
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মণীশ
তাৎপর্যপূর্ণভাবে, কাকলি ঘোষ দস্তিদারের সেই চিঠির পরই এবং ২১ জুলাইয়ের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন মণীশ গুপ্ত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দল ছাড়ার কথা ঘোষণার পাশাপাশি তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। মণীশ গুপ্ত বলেন, ‘‘এখন যিনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী, তিনি অত্যন্ত দক্ষ প্রশাসক। আশা করি, বাংলাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”
মুখ্যমন্ত্রীর এই স্তুতির পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন মণীশ গুপ্ত? যদিও পদ্ম শিবিরে পা রাখার জল্পনা নিয়ে এখনই স্পষ্ট করে কোনও মুখ খোলেননি প্রাক্তন স্বরাষ্ট্রসচিব। তবে ২১ জুলাইয়ের আগে তাঁর এই দলত্যাগ যে মমতার শিবিরের জন্য এক বিরাট ধাক্কা, তা বলাই বাহুল্য।






