শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ, একাধিক কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর
সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Truth of Bengal: ক্ষমতায় আসার পরই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই কারণেই আজকের দিনটিকে ঘিরে রাজ্যজুড়ে বিজেপি ও সরকারের একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শ্যামাপ্রসাদ স্মরণে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেলে ইকো পার্কে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস করবেন অমিত শাহ। এরপর তিনি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর সায়েন্স সিটির পাশে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।
দলের ঘোষিত তিনটি কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী ও সাংসদ। বিধানসভাতেও রাখা হয়েছে বিশেষ অনুষ্ঠান। প্রয়াত নেতার স্কুল মিত্র ইনস্টিটিউশনও আলোর মালায় সেজে উঠেছে। সাজানো হয়েছে আশুতোষ মুখার্জি রোডে তাঁর বাড়িও। সকাল ১১টায় মিত্র ইনস্টিটিউশনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বিজেপির নির্দেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে প্রতি জেলায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, ভারতীয় মজদুর সংঘ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশভাগের সময় বর্তমান পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া থেকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নতুন করে জনমানসে তুলে ধরাই বিজেপির অন্যতম লক্ষ্য।
এর মধ্যেই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদির নিচের অংশ ভাঙচুরের অভিযোগ উঠেছে। নামের ফলকও ভেঙে মূর্তির সামনে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়। ঘটনায় তদন্তে নেমে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ রূপেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত নারকেলডাঙার ওয়ার্ডস ইনস্টিটিউশন স্ট্রিট এলাকার বাসিন্দা। আদালত তাকে আগামী ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।






