কলকাতা

রাজ্য পুলিশের বড়সড় রদবদল! একসঙ্গে ৫০টি থানার আইসি বদলি, নতুন দায়িত্বে কারা?

নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে

Truth of Bengal: রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। একসঙ্গে ৫০টি থানার আইসি পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং বসিরহাট-সহ একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটের অধীন থানাগুলিতে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাজ্য পুলিশের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলির তালিকায় রয়েছেন একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানার বর্তমান আইসি, সিআই এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এই নির্দেশিকা ডিআইজি, আইজি, পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

বদলির তালিকা অনুযায়ী, বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে বাগুইআটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানায় সিআই পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, রানাঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। তিনি এতদিন রানাঘাট পুলিশ জেলার ডিআইবি-তে ইন্সপেক্টর পদে ছিলেন। এছাড়াও কোচবিহার কোতোয়ালি থানার নতুন আইসি হচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তী। পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি পদ থেকে সরিয়ে অতনু সাঁতরাকে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রঘুনাথপুর থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন সুব্রত মালাকার। তিনি আগে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন।

অন্যদিকে, সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও বদলি করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে এসটিএফে।

Related Articles