বুলডোজার অ্যাকশনে বড় ধাক্কা! মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে বহাল স্থগিতাদেশ
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রেল
Truth of Bengal: বেআইনি দখল দেখলেই ব্যবস্থা—ডবল ইঞ্জিন সরকারের আমলে বাংলায় জোরকদমে চলছে বুলডোজার অ্যাকশন। শিয়ালদহ, দমদম, যাদবপুরের মতো স্টেশনগুলিতে আগেই হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল। এবার মধ্যমগ্রাম স্টেশনের হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় রেলের ধাক্কা বহাল থাকল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও। মধ্যমগ্রাম স্টেশনে উচ্ছেদের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৩ জন। তাঁদের আবেদনের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রেল। কিন্তু ডিভিশন বেঞ্চও আপাতত সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রাখল। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত মধ্যমগ্রাম স্টেশনের সমস্ত সংশ্লিষ্ট হকারের ক্ষেত্রেই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। অর্থাৎ শুধু মামলাকারী ১৩ জন নয়, একই পরিস্থিতিতে থাকা অন্য হকাররাও এই অন্তর্বর্তী সুরক্ষার আওতায় থাকবেন।
মামলার শুনানিতে রেলের তরফে আইনজীবী ডিএসজি ধীরজ ত্রিবেদী বলেন, কারা এই মামলা করেছে, তা নিয়ে রেলের আপত্তি রয়েছে। তাঁর প্রশ্ন, ইউনিয়ন কি এভাবে মামলা করতে পারে? রেলের আরও দাবি, হকার উচ্ছেদের জন্য আলাদা করে কোনও নোটিশের প্রয়োজন নেই। এই যুক্তির প্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, রেল যখন নোটিশ দিয়েছে, তখন কোন কাঠামো বেআইনি, কার লাইসেন্স আছে, কার নেই—তা স্পষ্ট করা প্রয়োজন। আদালত জানতে চায়, কাদের লাইসেন্স রয়েছে, কাদের নেই, কারা অস্থায়ী কাঠামোয় বসেছেন এবং কারা স্থায়ী কাঠামো তৈরি করেছেন—এই ভাগগুলি কি আলাদা করে নির্ধারণ করা হয়েছে?
রেলের আইনজীবীর বক্তব্য, যে ১৩ জন আদালতে এসেছেন, তাঁদের ক্ষেত্রে সুরক্ষা থাকলেও এখন সমস্ত হকারের জন্য নির্দেশ চাওয়া হচ্ছে। কিন্তু এত হকারের ক্ষেত্রে একসঙ্গে এমন নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তবে বিচারপতির পর্যবেক্ষণ, রেল যদি প্রত্যেক হকারকে আলাদা আলাদা করে নোটিশ না দেয় এবং একসঙ্গে পদক্ষেপ করতে চায়, তাহলে হকাররাও একইভাবে একসঙ্গে স্থগিতাদেশের দাবি করতে পারেন। হকারদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, হকাররা একটি নির্দিষ্ট শ্রেণি। তাঁদের সম্পত্তির অধিকার না থাকলেও জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষার বিষয়টিও আদালতের বিবেচনায় থাকা প্রয়োজন।






