সপ্তাহান্তে ভিজবে তিলোত্তমা, উপকূলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়বে।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে বর্ষার ঝোড়ো ইনিংসের মাঝেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে মরশুমের প্রথম নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়বে। শুক্রবার পর থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুক্রবার ভারী বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী রবিবারও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। কলকাতায় আজ সন্ধ্যার পর থেকেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পাশাপাশি শনি ও রবিবার সারাদিন দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার ছবিটা আপাতত কিছুটা ভিন্ন। পাহাড় ও সংলগ্ন এলাকাগুলিতে এখন বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে এবং কেবল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হতে পারে।






