দেশ

ইসরো উড়িয়ে দেওয়ার হুমকি! চেয়ারম্যানের মেলে বার্তা ঘিরে চাঞ্চল্য

ইসরোর সদর দপ্তরে শুরু হয় খুঁটিনাটি তল্লাশি

Truth of Bengal: ইসরোকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ড. ভি নারায়ণনের কাছে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মেল পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। ইসরোর সদর দপ্তরে শুরু হয় খুঁটিনাটি তল্লাশি। নিরাপত্তার স্বার্থে বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দপ্তর দ্রুত খালি করে দেওয়া হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোথাও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। ফলে আপাতত বড় বিপদের আশঙ্কা কাটে। তদন্তকারীরা হুমকি মেলের উৎস খতিয়ে দেখছেন। মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, প্রেরক কে, এবং এর নেপথ্যে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। বিদেশ থেকে মেলটি পাঠানো হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও প্রাথমিকভাবে ওই ইমেলকে ‘ভুয়ো’ বলেই মনে করছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার দুপুরে মেলটি আসার পর থেকেই ইসরো সদর দপ্তরে নিরাপত্তা জোরদার করা হয়। আশপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হয়। বম্ব স্কোয়াড ও নিরাপত্তা বাহিনীর তল্লাশিতে কিছু না মেলায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হুমকি মেল পাঠানোর ঘটনা ঘটেছে। গত বছর দিল্লির একাধিক নামী স্কুলে বোমা হামলার হুমকি মেল ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়ের মতো স্কুলগুলি সেই সময় নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্যের জন্য আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে ইসরো। গত বছর একাধিক সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ২০২৫ সালে মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে ইসরোর দুটি কৃত্রিম উপগ্রহের সংযুক্তি ইতিহাস তৈরি করে। পরে মার্চ মাসে সেই উপগ্রহ দুটির সফল আনডকিংও সম্পন্ন হয়। মহাকাশ গবেষকদের মতে, এটি ভারতের মহাকাশ অভিযানে যুগান্তকারী পদক্ষেপ। অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ পা রেখে ইতিহাস গড়েছেন। ‘অ্যাক্সিওম মিশন ৪’-এর মিশন পাইলট হিসেবে তিনি মহাকাশে যান এবং অন্তরীক্ষে ১৮ দিন কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। এমন সাফল্যের আবহেই ইসরোকে ঘিরে হুমকি মেল নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

Related Articles