‘মহামারির আকার নিয়েছে প্রতারণা!’ নবান্ন থেকে সাইবার অপরাধ রুখতে কড়া অ্যাকশনে মুখ্যমন্ত্রী
নবীন থেকে প্রবীণ—সব বয়সের মানুষই প্রতারকদের ফাঁদে পড়ছেন।
Truth of Bengal: সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ নিল শুভেন্দু সরকার। সংক্রমণের মতো বাড়তে থাকা অনলাইন প্রতারণা ঠেকাতে রাজ্যের প্রতিটি থানায় চালু হচ্ছে সাইবার সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, সাইবার প্রতারণা এখন মহামারির আকার নিয়েছে। নবীন থেকে প্রবীণ—সব বয়সের মানুষই প্রতারকদের ফাঁদে পড়ছেন। এমনকী প্রান্তিক মানুষও তাঁদের সামান্য ভাতা বা সরকারি প্রকল্পের টাকা হারাচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, জনতার দরবারে প্রতি সপ্তাহেই বহু মানুষ সাইবার প্রতারণার অভিযোগ নিয়ে আসছেন। অনেকেই সরকারি সামাজিক প্রকল্পের ফর্ম পূরণ করেছেন, তারপর তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা উধাও হয়ে গিয়েছে। এই ধরনের অভিযোগ দিন দিন বাড়ছে বলেই জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, ভারত সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে সাইবার হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। প্রতারিতরা যাতে দ্রুত অভিযোগ জানাতে পারেন এবং প্রাথমিক সহায়তা পান, সেই লক্ষ্যেই প্রতিটি থানায় বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি এবং দরকার হলে নতুন কর্মী নিয়োগের ব্যবস্থাও করবে রাজ্য সরকার। সাইবার সংক্রান্ত অভিযোগ সামলাতে পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
শুভেন্দু অধিকারী জানান, ডিজি ও এডিজি পদমর্যাদার আধিকারিকরা পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি সাইবার সেলে সিনিয়র আধিকারিক নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, নতুন সাইবার সহায়তা কেন্দ্র চালু হলে সাধারণ মানুষ দ্রুত অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে প্রতারণার টাকা ফেরানো, প্রতারক চিহ্নিত করা এবং অনলাইন জালিয়াতি রুখতে থানাস্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।






