শ্যামাপ্রসাদের জন্মদিনে কলকাতায় অমিত শাহ! ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে জোর তৎপরতা
সেই উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে শাহের
Truth of Bengal: আগামী ৬ জুলাই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে শাহের। সূত্রের খবর, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে যে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই একগুচ্ছ ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করা হবে। সেই সঙ্গে পুরনো বাড়ির সংস্কার এবং আশপাশের এলাকা নতুন করে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাজেটেও এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে তাঁর পৈতৃক ভিটেতে একটি লাইব্রেরি এবং স্মারক গড়ে তোলা হবে। শুধু তাই নয়, আগামী ৬ জুলাই রাজ্য সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছে। অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় সল্টলেকের বিজেপি দপ্তরে একটি বিশেষ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ একাধিক রাজ্য নেতৃত্ব।
বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্যের মতো কেন্দ্রীয় বিজেপি নেতারাও। জানা গিয়েছে, ৬ জুলাইয়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়েও কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে অমিত শাহের রাজ্য সফর এবং রাজ্য সরকারের এই বড় ঘোষণা বাংলার রাজনীতিতে নতুন তাৎপর্য বহন করছে। ৬ জুলাইয়ের কর্মসূচি ঘিরে তাই প্রশাসনিক এবং রাজনৈতিক দুই স্তরেই প্রস্তুতি শুরু হয়েছে।






