কলকাতা

“এনাফ ইজ এনাফ…!”, হুমায়ুনের ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের পাল্টা কী হুঁশিয়ারি শুভেন্দুর?

ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে বলেও বিধানসভায় জানান তিনি

Truth of Bengal: হুমায়ুন কবীরের বিতর্কিত ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে এবার উত্তাল হল বিধানসভা। সোমবার অধিবেশন চলাকালীন বিষয়টি নিয়ে সরব হন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। তাঁর আবেদনের পর বিধানসভায় পালটা বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশনের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজও এই মন্তব্যের নিন্দা করেন। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “দুটো বক্তব্য নিয়ে এফআইআর হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সব ধারা দিয়েছি। আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেখব কী করে। দেশে সংবিধান, আইনই শেষ কথা বলে। কোনও বাপের বেটা বলে না।”

শুক্রবার রেজিনগরের কাশীপুরে জনসভা থেকে হুমায়ুন কবীর বলেছিলেন, বিজেপি সরকার গড়লেও মুর্শিদাবাদে কিছু নেতা এমন আচরণ করছেন যেন তাঁরাই বিধায়ক। এরপরই তিনি বিতর্কিত মন্তব্য করেন। শক্তিপুরের সভাতেও থানাকে ঘিরে অভিযুক্তকে বার করে আনার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, “এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে আগে যা খুশি করেছেন, এখন আর সেটা হবে না।” তাঁর দাবি, হুমায়ুন রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করছেন। মুসলিম ভোট একত্রিত করার চেষ্টা এবং পঞ্চায়েত ভাঙিয়ে নিজের দলের শক্তি বাড়ানোর লক্ষ্যেই এই ভাষা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সন্দেশখালির শাহজাহান শেখ, ক্যানিংয়ের শওকত মোল্লা এবং ফলতার জাহাঙ্গির খানের প্রসঙ্গ টেনে শুভেন্দু সাফ জানিয়ে দেন, আইন নিজের পথে চলবে এবং কাউকে রেয়াত করা হবে না।

Related Articles