২৪ ঘণ্টা আগেও পোষ্যের সঙ্গে হাসিমুখে পোস্ট, মগরায় নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্যু
সমাজমাধ্যমে সায়নী এবং তাঁর মা মলি চক্রবর্তীর তৈরি মজাদার ও পারিবারিক ভিডিও বেশ জনপ্রিয় ছিল
Truth of Bengal: বৃহস্পতিবার মধ্যরাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরে শোকের ছায়া নেমে এসেছে অনুগামীদের মধ্যে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে হুগলির মগরার বাসিন্দা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তথা নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর। সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করা এই তরুণীর এমন আকস্মিক চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত সম্পর্কের টানাপড়েন ও মানসিক অবসাদের জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে সায়নী এবং তাঁর মা মলি চক্রবর্তীর তৈরি মজাদার ও পারিবারিক ভিডিও বেশ জনপ্রিয় ছিল। তাঁদের পোষ্যপ্রেমের কথাও অনুগামীদের অজানা নয়। মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের পোষ্য গোরু ‘সুন্দরী’-কে নিয়ে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন সায়নী। কিন্তু তার পরদিনই এমন কী ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সায়নীর। সম্প্রতি সেই সম্পর্কে তৈরি হওয়া দূরত্বের কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সায়নীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা না হলেও, তাঁরা দ্রুতই আইনি পদক্ষেপ করবেন বলে পুলিশকে জানিয়েছেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে অন্য কোনও প্ররোচনা ছিল কি না, তা সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।





