রাজ্যের খবর

পরকীয়ার করুণ পরিণতি! সোশ্যাল মিডিয়ার প্রেমিকের চরম সিদ্ধান্ত, খবর পেয়ে মর্মান্তিক কাণ্ড এক সন্তানের মায়ের

সোশ্যাল মিডিয়ার প্রেমে জীবন শেষ! টোটো চালকের মৃত্যুর পর দোতলার ঘরেই মারাত্মক কাণ্ড যুবতীর

রাকেশ চক্রবর্তী, হুগলি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা বিবাহবহির্ভূত প্রেমে চরম ট্র্যাজেডি। প্রেমিকের রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পেতেই দোতলার ঘরে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করলেন ২৫ বছরের গৃহবধূ। পরকীয়া সম্পর্কের জেরে পরপর দু’দিনে যুগলের এমন মর্মান্তিক পরিণতিতে চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে হুগলির কোন্নগর গোপাল চন্দ্র বোস সরণি ও সংলগ্ন চটকল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর পাঁচেক আগে কোন্নগরের বাসিন্দা সোমনাথ মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল সঙ্গীতা সাউয়ের। তাঁদের একটি ছোট্ট কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।

এর মধ্যেই প্রায় মাস ছয়েক আগে কোন্নগর চটকল এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী টোটো চালক সন্দীপ গুপ্তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সঙ্গীতার। ধীরে ধীরে সেই পরিচয় গভীর প্রেমে রূপ নেয়। প্রেমের কথা জানাজানি হতেই সোমনাথ ও সঙ্গীতার দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত প্রায় দুই মাস ধরে বাপের বাড়িতেই থাকতে শুরু করেন ওই যুবতী। কিন্তু এক টোটো চালকের সঙ্গে মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জের ঘিরে অশান্তি চলছিল বাপের বাড়িতেও।

ঘটনার মোড় ঘোরে গত বুধবার। টোটো চালক সন্দীপের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান সঙ্গীতা। গভীর রাত পেরিয়ে ভোর চারটে নাগাদ বাপের বাড়িতে ফিরে আসেন তিনি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে মারমুখী ও চরম অশান্তির সৃষ্টি হয়।

পারিবারিক চরম অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কোন্নগর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক সন্দীপ। খবর পেয়ে বেলুড় জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বৃহস্পতিবারই প্রেমিকের আত্মহত্যার খবর পৌঁছায় সঙ্গীতার কাছে। খবরটি পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এর পর শনিবার দুপুরবেলা বাপের বাড়ির দোতলার একটি বন্ধ ঘর থেকে সঙ্গীতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরকীয়া সম্পর্কের জটিলতায় দুই উদীয়মান তরুণ-তরুণীর এই চরম পদক্ষেপে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles