ইকো পার্কে ‘দাবাং’ দিলীপ ঘোষ! প্রাতঃভ্রমণে বেরিয়েই সওয়ার ৫৩ লাখের সুপারবাইকে
পিছনে আরোহী, হাতে এক্সিলারেটর! ইকো পার্কের ভেতরে গতির ঝড় তুললেন মন্ত্রী দিলীপ ঘোষ, ভিডিও ভাইরাল
Truth of Bengal: তিনি যখন যা করেন, তা নিয়েই চর্চা শুরু হয়ে যায় বঙ্গ রাজনীতিতে। তিনি নিজের চেনা ছকের বাইরে গিয়ে বরাবরই ‘ডোন্ট কেয়ার’ বা বিন্দাস মেজাজে চলতেই ভালবাসেন। তিনি আর কেউ নন, মেদিনীপুরের ঘরের ছেলে তথা রাজ্যের বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, কারও পরোয়া না করে নিজের অবস্থানে অনড় থাকাই তাঁর স্বভাব। বৃহস্পতিবার সকালে কলকাতার নিউটাউনের ইকো পার্কে ফের একবার নিজের সেই চেনা ‘দাবাং’ রূপেই ধরা দিলেন তিনি। প্রাতঃভ্রমণে গিয়ে প্রথাগত হাঁটাচলা ছেড়ে আচমকাই একটি ৫৩ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল সুপারবাইকে সওয়ার হলেন দিলীপবাবু। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর বাইক চালানোর সেই এক্সক্লুসিভ ভিডিও।
ইকো পার্কের ট্র্যাকে গতির ঝড়
কলকাতায় থাকলে প্রতিদিন ভোরে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যাওয়া দিলীপ ঘোষের দীর্ঘদিনের পুরনো অভ্যাস। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করা থেকে শুরু করে চা চক্রে যোগ দেওয়া, সবই করেন তিনি। বৃহস্পতিবার সকালেও তার কোনও ব্যতিক্রম হয়নি। তবে এদিন সকালে ইকো পার্কের ভেতরে একটি বহুমূল্য বিলাসবহুল বাইক দেখে আর লোভ সামলাতে পারেননি মন্ত্রীমশাই। যেমন ভাবা, তেমনই কাজ! জামাকাপড় না বদলে প্রাতঃভ্রমণের পোশাকেই উঠে পড়েন ৫৩ লাখি সেই বাইকে। শুধু একলা নয়, বাইকের পেছনে অন্য এক ব্যক্তিকে বসিয়ে ইকো পার্কের ভেতরে বেশ কিছুক্ষণ নিজের হাতেই হ্যান্ডেল ঘুরিয়ে বাইক চালান তিনি। এর আগেও তাঁকে একাধিকবার সাধারণ বাইক চালাতে দেখা গেলেও, এমন হাইপ্রোফাইল বাইকে দিলীপ ঘোষের সওয়ারি হওয়ার দৃশ্য দেখে চমকে গিয়েছেন উপস্থিত প্রাতঃভ্রমণকারীরা।
View this post on Instagram
ব্রাত্য দশা কেটে রাজকীয় প্রত্যাবর্তন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিজেপির ভিত শক্ত করার পেছনে দিলীপ ঘোষের এই স্পষ্টবাদী ও ডাকাবুকো আচরণের বড় ভূমিকা রয়েছে। যদিও মাঝে দল তাঁকে দীর্ঘদিনের জন্য কিছুটা ব্রাত্য করে রেখেছিল এবং তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে কম বিতর্ক ও জলঘোলা হয়নি। তবে দিলীপ ঘোষের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে যে বাদ দিয়ে চলা অসম্ভব, তা অবশেষে বুঝতে পেরেছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর তাঁকে সসম্মানে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। ক্ষমতা ও পদমর্যাদা বাড়লেও দিলীপ ঘোষ যে তাঁর পুরনো মেজাজ ও মাটির মানুষসুলভ অভ্যাস এক ফোঁটাও বদলে ফেলেননি, বৃহস্পতিবার ভোরের ইকো পার্কের এই ভাইরাল ভিডিওই আরও একবার তার প্রমাণ দিল। নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই এই ভিডিও দেখে মন্তব্য করেছেন, “পদ বদলালেও দিলীপ ঘোষের সেই পুরনো মেজাজ আজও একই রকম রয়ে গিয়েছে।”






