রাজ্যের খবর

বালু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের ডেরায় মাঝরাতে পুলিশের হানা! ৬৬৬ রাউন্ড গুলি-টাকার পাহাড় উদ্ধার

তোলাবাজি থেকে একুশের ভোট পরবর্তী হিংসা! গোবরডাঙায় দুই ভাই গ্রেফতারের পর ফাঁস জমি মাফিয়াদের ভয়ঙ্কর কীর্তি

Truth of Bengal: ছাব্বিশের বাংলায় রাজনৈতিক সমীকরণ বদলানোর পর থেকেই দিকে দিকে দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এবার এক রুদ্ধশ্বাস অভিযানে গোবরডাঙা থানা এলাকায় গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা (৬৭) এবং তাঁর ভাই পেশায় জমি ব্যবসায়ী সুজিত কুমার সাহা (৬২)। চলতি মাসের ২৪ তারিখ দায়ের হওয়া দুটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ও গভীর রাতে আলাদাভাবে অভিযান চালিয়ে এই দুই ভাইকে পাকড়াও করে পুলিশ। তোলাবাজি, হুমকি এবং একুশের ভোট পরবর্তী হিংসার মামলার ভিত্তিতে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বুধবার তাঁদের বারাসত আদালতে তোলা হয়।

ভাইয়ের অনুষ্ঠানগৃহে মিলল অস্ত্রের খনি, গাদা গাদা কার্তুজ-টাকা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে অজিত সাহার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। এরপর ধৃত তৃণমূল নেতাকে জেরা করে গভীর রাতে তাঁর ভাই সুজিত কুমার সাহার বাড়ি এবং একটি বিলাসবহুল অনুষ্ঠানগৃহে হানা দেয় তদন্তকারী দল। আর সেখানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্তাদের। সুজিতের ডেরা থেকে উদ্ধার হয় নগদ ২৭ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। শুধু তাই নয়, ঘরের গোপন ডেরা থেকে উদ্ধার হয় ৭ এমএম পিস্তলে ব্যবহারের উপযোগী ৬১.৩২ এমএম ক্যালিবারের ৬৬৬ রাউন্ড তাজা কার্তুজ, ৬১টি খোসা কার্তুজ, ১টি স্পোর্টস এয়ার রাইফেল, ১টি এয়ার গান, ৩টি মেটালিক প্যালেট এবং ৫২ বোতল দামী বিদেশী মদ।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

বালুর হাত ধরেই উত্থান, ল্যান্ড মাফিয়া চক্রের পর্দাফাঁস

রাজনৈতিক মহলে দীর্ঘদিনের চর্চা ছিল, হাবরার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই রাজনীতিতে উল্কাবেগে উত্থান হয়েছিল অজিত সাহার। বালুর আশীর্বাদেই তিনি প্রথমে হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হন। পরে জেলা পরিষদের গাইঘাটা ব্লক থেকে দাঁড়িয়ে জয়লাভের পর গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষের পদ পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাদার এই বিপুল রাজনৈতিক প্রভাবের জোর খাটিয়েই ভাই সুজিত কুমার সাহার জমির ব্যবসা এলাকায় ফুলেফেঁপে উঠেছিল। সীমান্ত পেরিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তের সুযোগ নিয়ে একদল কুখ্যাত সমাজবিরোধী ও স্থানীয় জমি মাফিয়াদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তোলেন সুজিত। অসহায় মানুষের জমি নামমাত্র দামে একলপ্তে কিনে তা প্লট আকারে কোটি কোটি টাকায় বিক্রি করার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি।

উল্লেখ্য, কয়েক মাস আগে মছলন্দপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর জমি জবরদখল ও মিউটেশন সংক্রান্ত বিষয়ে বিএলআরও (BLRO) অমল রায়ের সঙ্গে অজিত সাহার একটি অডিও ভাইরাল হয়েছিল। সেই সময় ওই স্বর্ণ ব্যবসায়ীকে সশরীরে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ছাব্বিশের পটপরিবর্তনের পর অবশেষে আইনের জালে ‘সাহা ব্রাদার্স’ আটকা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোবরডাঙার সাধারণ মানুষ।

Related Articles