কলকাতা

রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয়র

Jyotipriyar granted bail in ration corruption case

Truth Of Bengal: রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। ২৫ হাজার টাকার দুটি বন্ড ও ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী। ২০২৩ সালে ২৭ অক্টোবর গ্রেফতার হন প্রাক্তন খাদ্য মন্ত্রী। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ব্যক্তিগত বন্ডে শর্তাধীন জামিন পেয়েছেন তিনি। তাঁকে তাঁর পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতি তারিখে আদালতে হাজির থাকা ও মোবাইল ফোন খোলা রাখার কথা বলা হয়েছে। এমনকি মিডিয়াতে কোনও রকম মন্তব্য করতে নিষেধ করেছে আদালত।

এর আগে বাকিবুর রহমান ও শঙ্কর আঢ্যরা এই মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন। তবে এতদিন জ্যোতিপ্রিয় মল্লিকই ছিলেন জেল হেফাজতে। আজ বিশেষ ইডি আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। বিচারকের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে, কিন্তু তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও এখন নেই। তবে তাঁর মুক্তি শর্তসাপেক্ষ।

জামিনের শর্তাবলি:
১. জ্যোতিপ্রিয় মল্লিককে তদন্তকারী আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
২. তিনি নিয়মিত আদালতে উপস্থিত থাকবেন।
৩. সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
৪. তাঁর পাসপোর্ট ও ভিসা জমা রাখতে হবে।
৫. আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না।

জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী, বাকিবুর ও শঙ্করের জামিনের দৃষ্টান্ত তুলে ধরে আদালতে সওয়াল করেন। তিনি জানান, তাঁর মক্কেল অসুস্থ এবং জেলের বাইরে চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে, ইডি দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতির মূল ব্যক্তিত্ব এবং তিনি জেলের বাইরে বের হলে তদন্ত প্রভাবিত হতে পারে। তবে আদালত এই যুক্তি খারিজ করে জামিন মঞ্জুর করেছে। জামিনের শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি জেল থেকে মুক্তি পেয়ে মামলার বাইরে থাকবেন, তবে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে বাধ্য থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Related Articles