কলকাতা

“আমার চেয়ে খারাপ আর কেউ হবে না!”, পার্ক সার্কাসে দাঁড়িয়ে ‘পাথরবাজদের’ চরম হুঁশিয়ারি শুভেন্দুর

ধর্মীয় স্লোগান দিয়ে পুলিশ-বাহিনীর ওপর ইটবৃষ্টি! পার্ক সার্কাস কাণ্ডে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী

Truth of Bengal: নতুন সরকারের বুলডোজার নীতিকে কেন্দ্র করে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার পার্ক সার্কাস মোড়। উন্মত্ত জনতার ইটবৃষ্টিতে রক্তাক্ত হতে হয়েছিল একাধিক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এই ঘটনার পর সোমবার দুপুরে খোদ পার্ক সার্কাস এলাকার ডিসি (DC) অফিসে ঝোড়ো সফরে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি উপদ্রবকারীদের বিরুদ্ধে নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন তিনি।

“কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে”

ডসি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো রণংদেহী মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। বাংলায় পাথরবাজি সংস্কৃতির কড়া সমালোচনা করে তিনি বলেন, “শ্রীনগর ও কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে। এবার পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এটা চিরতরে বন্ধ হবে। যদি কেউ মনে করেন রাজ্যে আগের সরকার আছে, আগের নিয়মেই পার পেয়ে যাবেন, তাহলে খুব বড় ভুল করছেন। আমি পরিষ্কার বলে যাচ্ছি, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে পাথর ছুড়বেন না। আমার সরকারের আমলে পুলিশের ওপর এটাই প্রথম এবং এটাই শেষ আক্রমণ।”

রবিবারের বিক্ষোভ ছিল ‘পরিকল্পিত’

রবিবার দুপুরে পার্ক সার্কাসে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাঁদের রাস্তা ফাঁকা করতে বললে অতর্কিতে ইটবৃষ্টি শুরু হয় এবং কেন্দ্রীয় বাহিনীর বাসে দেদার ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের একাংশের দাবি ছিল পুলিশ আগে লাঠিচার্জ করেছে, তবে সেই তত্ত্ব উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী একে ‘পরিকল্পিত অশান্তি’ বলে দাবি করেন। তিনি বলেন, “যেকোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে গণতান্ত্রিকভাবে কর্মসূচি করতে পারে। কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া আর পুলিশের ওপর পাথর ছোড়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার ইঙ্গিত

একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, আইনশৃঙ্খলা বজায় রাখতে আইন অনুযায়ী যত দূর যেতে হয়, পুলিশমন্ত্রী হিসেবে তিনি তত দূরই যাবেন। রবিবারের হিংসাত্মক পরিস্থিতি যেভাবে কলকাতা পুলিশ সাহসের সঙ্গে সামলেছে, তার জন্য বাহিনীর পিঠ চাপড়ে দিয়েছেন তিনি। নতুন সরকারের এই অনমনীয় মনোভাবের পর, পার্ক সার্কাসের ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যে কোনও বড়সড় আইনি ও প্রশাসনিক কোড়া নামতে চলেছে, তা আজ মুখ্যমন্ত্রীর চোখ-মুখের অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

Related Articles