কলকাতা

মলের পাশে আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ পুরমন্ত্রী! পার্ক সার্কাসে গিয়েই জঞ্জাল সাফাইয়ের কড়া নির্দেশ

বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে রাস্তার উপর ছড়িয়ে থাকা নোংরা-আবর্জনা দেখে সঙ্গে সঙ্গে পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ডেকে পাঠান তিনি

Truth of Bengal: ঝাঁ-চকচকে শপিং মল, নামী বিদেশি ব্র্যান্ডের ভিড়—আর তার ঠিক পাশেই আবর্জনার স্তূপ। পার্ক সার্কাসের একটি নামী শপিং মলের আশপাশে এমনই ছবি দেখে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে রাস্তার উপর ছড়িয়ে থাকা নোংরা-আবর্জনা দেখে সঙ্গে সঙ্গে পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ডেকে পাঠান তিনি। পাশাপাশি এলাকায় একাধিক বড় ডাস্টবিন বসানোর নির্দেশও দেন। বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানে পৌঁছে তিনি দেখেন, নামী শপিং মলের আশপাশেই রাস্তার ধারে যত্রতত্র জমে রয়েছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি গোটা এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

পরিস্থিতি দেখে পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। রাস্তার ধারে একাধিক বড় ডাস্টবিন বসানোর ব্যবস্থা করা হয়। অগ্নিমিত্রা স্পষ্ট জানান, এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন রাখতে হবে যাতে মানুষ রাস্তায় ময়লা না ফেলেন। পাশাপাশি জমে থাকা সমস্ত আবর্জনাও দ্রুত সরিয়ে ফেলতে হবে। শহরের সৌন্দর্য নষ্ট করলে এবার কড়া জরিমানার মুখেও পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ইচ্ছেমতো রাস্তায় নোংরা ফেলা বা শহরকে অপরিচ্ছন্ন করে রাখা আর বরদাস্ত করা হবে না। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা, ফুটপাথ দখল, বেআইনি পার্কিং এবং রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন শহরেও সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন তিনি।

কলকাতার ফুটপাথ ও রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় নিয়মিত সকালেই বিভিন্ন এলাকায় বের হচ্ছেন মন্ত্রী। বৃহস্পতিবার পার্ক সার্কাসের পরিস্থিতি দেখে তিনি ফের স্পষ্ট করে দিলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। পার্ক সার্কাস এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়ন বজায় রাখতে সংশ্লিষ্ট পুরকর্মীদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা। এখন সেই নির্দেশ কত দ্রুত কার্যকর হয়, সেদিকেই নজর।

Related Articles