কলকাতা

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বড় রদবদলের ইঙ্গিত?

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কার এবং প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের আবহে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের চিকিৎসাক্ষেত্রের সামগ্রিক হাল ফেরাতে এবং পরিষেবা উন্নত করতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেশ কিছু কড়া নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই সোমবার স্বাস্থ্যভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, সেই বৈঠক চলাকালীনই হঠাৎ তাঁর কাছে মুখ্যমন্ত্রীর জরুরি তলব পৌঁছায়। যার জেরে মাঝপথেই বৈঠক ফেলে রেখে তড়িঘড়ি নবান্নের উদ্দেশ্যে রওনা দিতে হয় স্বাস্থ্যসচিবকে।

মুখ্যমন্ত্রীর এই আচমকা তলব ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে অতীতে আর জি কর হাসপাতালের নজিরবিহীন ঘটনার পর স্বাস্থ্যসচিবের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা সে সময় নারায়ণস্বরূপ নিগমকে তাঁর পদ থেকে সরানোর দাবিতে অনড় ছিলেন। রাজ্যে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পর কি এবার স্বাস্থ্যসচিবের বিরুদ্ধেও কোনও বড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী, নবান্নের এই তলবের পর সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আর জি করের সেই নারকীয় ঘটনা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে সরকারের অন্দরে। সংশ্লিষ্ট মামলার ফাইল পুনরায় খোলার পরেই রাজ্য প্রশাসন একে একে কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করেছে। ইতিপূর্বেই আর জি কর কাণ্ডে গাফিলতি ও বিতর্কিত ভূমিকার অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে বর্তমান রাজ্য সরকার। এই তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপের রেশ কাটতে না কাটতেই এবার স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ আধিকারিককে মুখ্যমন্ত্রী নিজের দফতরে ডেকে পাঠানোয় শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আর জি কর মামলার তদন্ত এবং স্বাস্থ্য দপ্তরের খোলনলচে বদলে ফেলার লক্ষ্যেই এই জরুরি তলব করা হয়েছে। এখন দেখার, নবান্নের এই রুদ্ধদ্বার বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরেও কোনও বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় কি না।

Related Articles