কলকাতা

উর্ধ্বমুখী তাপমাত্রা! ১৪ ফেব্রুয়ারি থেকেই দক্ষিণবঙ্গে পাল্টে যাবে আবহাওয়ার মেজাজ

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা থেকে শীত বিদায় নেবে।

Truth Of Bengal: শীতের দ্বিতীয় ধাপের তীব্র ঠান্ডায় সকাল ও রাতে তাপমাত্রা কমে কলকাতাবাসী রীতিমতো শীত অনুভব করছে। শুধু শহর কলকাতা নয়, গোটা বাংলাতেই দিনের গরম আর রাতের ঠান্ডার এই বৈপরীত্যে সাধারণ মানুষ কিছুটা বেকায়দায় পড়ছেন। তবে এবার শীতের বিদায় নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা থেকে শীত বিদায় নেবে। রাজ্যের জেলাগুলিতে আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। এরপর চার দিন তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

গতকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ন্যূনতম ছিল ১২ ডিগ্রি এবং কলকাতার আলিপুরে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার আপডেট অনুযায়ী, তাপমাত্রার উল্লেখযোগ্য ওঠানামা ১৪ ফেব্রুয়ারি থেকেই স্পষ্টভাবে বোঝা যাবে। ওই দিন থেকে বাকি সময়ের তুলনায় বেশি গরম অনুভূত হতে পারে।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে পরিস্থিতি প্রায় একই ধরনের থাকবে।

উত্তরবঙ্গেও বুধবারের পর রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে ঘন কুয়াশা নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের আভাস পাওয়া গিয়েছিল। এ বার পুরোপুরি শীত শেষ না হলেও আগাম গরমের ইঙ্গিত ইতিমধ্যে আবহবিদদের সতর্কবার্তায় এসেছে। শীতের এই শেষ পর্বটুকুই উপভোগ করতে চাইছেন রাজ্যবাসী।

Related Articles