দেশ

যুদ্ধের আবহে ভারতের তুরুপের তাস! আমিরশাহীর সঙ্গে ‘গ্যাস’ চুক্তিতে সিলমোহর দিলেন মোদি

আরব আমিরশাহীর সঙ্গে মেগা চুক্তি মোদির, কমবে কি রান্নার গ্যাসের দাম?

Truth of Bengal: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট চরমে, ঠিক তখনই রক্ষাকর্তা হিসেবে অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-নর্ডিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মাত্র দুই ঘণ্টার জন্য আবুধাবিতে যাত্রাবিরতি করেন তিনি। আর এই সংক্ষিপ্ত সময়েই আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (MBZ) সঙ্গে এলপিজি (LPG) সরবরাহ এবং কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী।

কেন এই চুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ। পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে যদি জোগান বন্ধ হয়, তবে দেশের রান্নার গ্যাসের বাজারে হাহাকার পড়ে যেতে পারে। ঠিক এই আশঙ্কা থেকেই আগাম সুরক্ষা কবচ হিসেবে আমিরশাহীর সঙ্গে এই সরবরাহ চুক্তি করল দিল্লি। চুক্তিতে শুধু গ্যাস নয়, কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ নিয়েও সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

তেলের দাম বাড়ার দিনেই মোদির ঝটিকা সফর

শুক্রবার সকাল থেকেই ভারতের বাজারে পেট্রল ও ডিজেলের দাম ৩ টাকা করে বেড়েছে। দিল্লিতে পেট্রলের দাম ৯৭.৭৭ টাকা এবং ডিজেল ৯০.৬৭ টাকা ছুঁয়েছে। তেলের এই মূল্যবৃদ্ধির দিনেই প্রধানমন্ত্রীর এই সফর দেশবাসীকে জ্বালানি নিরাপত্তা দেওয়ার একটি বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কৃচ্ছ্রসাধন ও দেশপ্রেমের ডাক

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় করতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। এমনকি দেশের বৈদেশিক মুদ্রাভাণ্ডার বাঁচাতে আগামী এক বছর সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার সরাসরি আর্জিও জানিয়েছেন তিনি। মোদী মনে করিয়ে দিয়েছেন, যুদ্ধের এই কঠিন সময়ে সংযম পালন করা প্রতিটি নাগরিকের দেশপ্রেমের শামিল।

এদিন আমিরশাহীর সঙ্গে জ্বালানি চুক্তির পাশাপাশি গুজরাটের ভাদিনারে একটি জাহাজ মেরামতি ক্লাস্টার তৈরি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পশ্চিম এশিয়ার এই সংকটকালে আমিরশাহীর মতো নির্ভরযোগ্য বন্ধুর হাত ধরা ভারতের বিদেশনীতির এক বড় জয় বলেই মনে করা হচ্ছে।

Related Articles