শুভেন্দুকে ৫ পাতার চিঠি মোদির! ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর পর কত হাজার কোটি পেল বাংলা?
খুলল দিল্লির সিন্দুক, বাংলার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা!
Truth of Bengal: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আগামীকাল, সোমবার বিধানসভায় তাদের প্রথম ঐতিহাসিক বাজেট পেশ করতে চলেছে। আর এই প্রথম বাজেটকে ঘিরে রাজ্যের সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। বিশেষ করে বকেয়া ডিএ (DA) নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বড় কোনও চমকপ্রদ ঘোষণা করতে পারে, এমন জল্পনায় ফুটছে নবান্ন থেকে মহাকরণ। এর মাঝেই পশ্চিমবঙ্গের জন্য কার্যত কল্পতরু হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট পেশের ঠিক ২৪ ঘণ্টা আগেই বাংলার জন্য আরও ৬০,০০০ কোটি টাকার বিরাট উপহারের কথা ঘোষণা করল কেন্দ্র।
গতকাল, শনিবার রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ উপলক্ষে খোদ তারকেশ্বরের মাটিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই বাংলার আপামর জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি আবেগঘন ৫ পাতার চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সেই চিঠিতেই রয়েছে দেড় মাসের ব্যবধানে বাংলাকে দেওয়া কেন্দ্রীয় বরাদ্দের পাই-পাই হিসাব।
চিঠিতে প্রধানমন্ত্রী স্পষ্ট লিখেছেন, ”কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে সম্ভাব্য সবরকমভাবে সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামোসহ অতীতের আটকে থাকা কাজগুলিকে দ্রুত শেষ করতে ইতিমধ্যেই প্রায় ৪০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের রেল পরিকাঠামোর ভোলবদল করতে বরাদ্দ হয়েছে ১৫,০০০ কোটি টাকা। এখানেই শেষ নয়, আরও ৬০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ এই মুহূর্তে অনুমোদনের প্রক্রিয়াধীনে রয়েছে।”
প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, এবার পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একটি আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো হবে। এর জন্য বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, এমএসএমই (MSME) ক্ষেত্রকে চাঙ্গা করা এবং তোলাবাজি ও হয়রানি মুক্ত শিল্পবান্ধব পরিবেশ তৈরি করাই নতুন ডবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য। খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য চাষ, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বাংলা আগামী দিনে দেশের প্রধান কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিধানসভা ভোটের প্রচারে মোদি যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, মসনদে বসার দেড় মাসের মাথাতেই তার প্রমাণ পেতে শুরু করল বাংলা। এখন দেখার, আগামীকাল শুভেন্দু সরকারের প্রথম বাজেটে আমজনতার জন্য কী কী বড় চমক অপেক্ষা করে রয়েছে।





