‘তৃণমূলের মূল উড়েছে, শুধু ঘাসটুকু বাকি!’ রাজ্যে পালাবদলের পর বিস্ফোরক মিঠুন চক্রবর্তী
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে ফেরা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি
Truth of Bengal: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর শহর কলকাতায় পা রেখেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। ছেলে নমশী চক্রবর্তীর নতুন ছবি ‘আখরি সওয়াল’-এর প্রচারে এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে ফেরা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ‘ডু অর ডাই’ লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন মিঠুন। ভোটের ফলাফলে বিজেপির জয়ের পর উচ্ছ্বসিত এই তারকা নেতা বলেন, তৃণমূলের মূল উপড়ে গিয়েছে, এখন শুধু ঘাসটুকু পড়ে আছে যা সামান্য হাওয়াতেই উড়ে যাবে। নিজের দীর্ঘ পাঁচ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, অনেক সংগ্রামের পর আজ এই জায়গায় পৌঁছেছেন এবং এখন বাংলা প্রকৃত অর্থেই মুক্ত হয়েছে। নতুন সরকারের প্রশংসা করে তিনি দাবি করেন, এবার লক্ষ্য হলো ‘সোনার বাংলা’ গড়ে তোলা এবং সেই কাজে ইতিমিধ্যেই তোড়জোড় শুরু হয়েছে।
এদিন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতেও ছাড়েননি মিঠুন। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী পুনরায় আইনজীবী হিসেবে কলকাতা হাই কোর্টে সওয়াল করা শুরু করেছেন। সেই প্রসঙ্গে কটাক্ষ করে মিঠুন বলেন, তিনি হাই কোর্ট বা যেখানে খুশি যান, তাতে কিছু হবে না। উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রধান বিচারপতির এজলাসে ভোট-পরবর্তী মামলা নিয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিঠুনের এই খোঁচা সেই ঘটনার প্রেক্ষিতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এক সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে পরবর্তীকালে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ইস্তফা দেন এবং ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। সেই সময় থেকেই তৃণমূল নেত্রীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন তিনি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মিঠুনের এই আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিচ্ছে যে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরের বিরুদ্ধে লড়াই জারি রাখতে মরিয়া। অবসান ঘটিয়েছেন দীর্ঘ জল্পনার, এখন তাঁর নজর কেবল উন্নয়নের দিকে।






