‘লুক আউট’ নোটিশ জারি হতেই ইডি দফতরে শান্তনু সিনহা
কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ‘লুক আউট নোটিশ’ পর্যন্ত জারি করা হয়েছিল। সেই নোটিশের পর এবার তিনি হাজিরা দিলেন
Truth of Bengal: ইডি-র তলবে একাধিকবার হাজিরা এড়ানোর অভিযোগ ছিল। অবশেষে হাজিরা দিলেন তিনি। ইডি-র জারি করা লুকআউট নোটিশের পর সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে পৌঁছলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তিনি দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন। বারবার তলব করেও তিনি হাজিরা না দেওয়ায় এই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ‘লুক আউট নোটিশ’ পর্যন্ত জারি করা হয়েছিল। সেই নোটিশের পর এবার তিনি হাজিরা দিলেন।
সোনা পাপ্পু মামলা, কয়লা-বালি পাচারের মতো একাধিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট মামলার তদন্ত চলছে। এর মধ্যে অন্যতম হল ‘সোনা পাপ্পু’ মামলা এবং কয়লা পাচার মামলা। জিজ্ঞাসাবাদের জন্য বারবার তাঁকে তলব করে ইডি। তিনি কোনওবার হাজিরা দেননি বলে অভিযোগ।
এর আগে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে একাধিকবার হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। গত দেড় মাস ধরে তাঁকে তলব করা। এপ্রিলে বালি পাচার মামলার তদন্তে তলব করেছিল ইডি। কিন্তু তিনি যাননি। এরপর তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ দেওয়া হয় ইডি-র পক্ষ থেকে। ইডি আশঙ্কা করে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। তাই তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ জারি করে কেন্দ্রীয় সংস্থা। তারপর তিনি হাজিরা দিলেন ইডি দফতরে। ইডি দফতরে পৌঁছনোর পর সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনও মন্তব্য করতে চাননি শান্তনু সিনহা বিশ্বাস। তদন্ত চলার জন্য তাঁর আইনজীবীরাও কিছু বলতে চাননি। ইডি-র জিজ্ঞাসাবাদে পর কী ঘটে সেই দিকে নজর রাজ্যের মানুষের।






