‘হে চিরনতুন’-এর সুরে নতুন বছরের আবাহন! শান্তিনিকেতনের উপাসনা গৃহে উৎসবের মেজাজ
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ
সৌতিক চক্রবর্তী: বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আয়োজিত হল এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ।
অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসংগীত “হে চিরনতুন” পরিবেশনের মধ্য দিয়ে। এরপর “এসো হে বৈশাখ” গানের সুরে নববর্ষকে জানানো হয় আন্তরিক অভ্যর্থনা। সমাপ্তিতে “আলোকের এই ঝর্ণাধারায়” গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আলোকময় ও আবেগঘন।
শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল, বাংলা সংস্কৃতির হৃদস্পন্দন এখনও জীবন্ত শান্তিনিকেতনের।






