টলিউডে বিষাদের মেঘের মাঝেই খুশির ছোঁয়া! মা হলেন চিত্রাঙ্গদা সান্যাল
যদিও অভিনেত্রী নিজে এখনও এই সুখবর আনুষ্ঠানিকভাবে ভাগ করে নেননি, তবে তাঁর মা তথা বিশিষ্ট পরিচালক শতরূপা সান্যালের সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা।
Truth of Bengal: টলিউড যখন প্রবীণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ, ঠিক সেই আবহেই খুশির হাওয়া সান্যাল পরিবারে। মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সান্যাল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও অভিনেত্রী নিজে এখনও এই সুখবর আনুষ্ঠানিকভাবে ভাগ করে নেননি, তবে তাঁর মা তথা বিশিষ্ট পরিচালক শতরূপা সান্যালের সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। শতরূপা দেবী লিখেছেন, ‘যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?’ সেই পোস্টের নিচে তাঁর এক ঘনিষ্ঠ জনের অভিনন্দন বার্তা ও নাতি হওয়ার খবরটি কার্যত সিলমোহর দিয়েছে এই নতুন আগমনে।
জানা গিয়েছে, মার্চ মাসের শেষ দিকেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন চিত্রাঙ্গদা। পরিবারটি আপাতত এই আনন্দ ব্যক্তিগত রাখতে চাইছে। চিত্রাঙ্গদার বোন তথা জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও দিদির মা হওয়া নিয়ে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি। অথচ মাস খানেক আগেই চিত্রাঙ্গদার ‘সাধ’-এর অনুষ্ঠানে বোন হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি। সেই বিশেষ দিনের রঙিন মুহূর্তগুলো ঋতাভরী নিজেই নেটপাড়ায় ভাগ করে নিয়েছিলেন।
চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের সাজগোজ এবং আয়োজন ছিল নজরকাড়া। সোনালি জরির প্যাস্টেল গোলাপি শাড়ি এবং সোনার গয়নায় হবু মাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। পাশে হলুদ রঙের শিফন শাড়িতে ধরা দিয়েছিলেন ঋতাভরী। আদ্যোপান্ত বাঙালি রীতি মেনে আয়োজিত সেই অনুষ্ঠানে মেনুতে ছিল পঞ্চব্যঞ্জন। মাছ, সুক্তো, ডাল, নানা পদের ভাজা থেকে শুরু করে পায়েস— সব কিছুরই এলাহি আয়োজন করা হয়েছিল। সেই সময়ই ঋতাভরী তাঁর দিদি ও জামাইবাবুকে আগাম শুভেচ্ছা জানিয়ে আগামীর জন্য শুভকামনা করেছিলেন। এখন নতুন অতিথির আগমনে সান্যাল পরিবারে বইছে খুশির জোয়ার।






