মেসির ঐতিহাসিক গোল, সুয়ারেজের কামব্যাক! নতুন স্টেডিয়ামের উদ্বোধনী রাতেই রোমাঞ্চের চূড়ায় মায়ামি
২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল মায়ামিকে।
Truth of Bengal: নতুন ইতিহাসের সাক্ষী থাকল ইন্টার মায়ামি। নিজেদের নতুন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গোল করলেন লিওনেল মেসি, কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই রয়ে গেল— অস্টিন এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল মায়ামিকে।
২৬ হাজার দর্শকাসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামের উদ্বোধন ঘিরে ছিল উৎসবের আবহ। ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম-সহ বহু তারকা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর এই স্টেডিয়াম বাস্তবায়িত হওয়ায় আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ম্যাচের আগে ফিতা কেটে উদ্বোধনও করেন বেকহ্যাম ও ক্লাব কর্তৃপক্ষ।
তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় অস্টিন— গুইলহার্মে বিরো কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসির জবাবের জন্য। ডান প্রান্ত থেকে ক্রস পেয়ে মাথা দিয়ে গোল করে সমতা ফেরান তিনি— যা তাঁর ক্ষেত্রে বিরল দৃশ্য। এরপর ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানায় মায়ামি, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আবার চমক দেয় অস্টিন। মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে উঠে গোল করে এগিয়ে যায় তারা। ম্যাচ তখন মায়ামির নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। চাপে পড়ে কোচ হাভিয়ের মাসচেরানো মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। আর তিনিই ম্যাচে ফেরান দলকে— মেসির কর্নার থেকে আসা বল কাছ থেকে জালে জড়িয়ে সমতা ফেরান।
শেষ মুহূর্তে সুয়ারেজ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ফলে বহু প্রত্যাশার ম্যাচে জয়ের বদলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে। নতুন স্টেডিয়াম, মেসির গোল, তারকাদের উপস্থিতি— সব মিলিয়ে দিনটি স্মরণীয় হলেও, ফলাফলটা পুরোপুরি নিজেদের পক্ষে টানতে পারল না মায়ামি।






