রাজ্যের খবর

বাংলার অফিসারদের ভিন রাজ্যে পাঠিয়ে কাজ থমকে দেওয়ার চক্রান্ত চলছে, মুর্শিদাবাদে সরব মুখ্যমন্ত্রী

বেছে বেছে বিজেপির ঘনিষ্ঠদের এখানে আনা হচ্ছে

Truth Of Bengal: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ভিন রাজ্যে বদলি করা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নির্বাচনী সভা থেকে কমিশনের এই পদক্ষেপকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আক্রমণ করেন তিনি।

রাজ্যে ভোটের আবহে একাধিক আইএএস ও আইপিএস আধিকারিককে সরিয়ে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। সম্প্রতি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকার-সহ ১৫ জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী কাজে পাঠানোর নির্দেশিকা জারি করেছে কমিশন। এই প্রসঙ্গ টেনেই মমতা প্রশ্ন তোলেন, কেন বাংলার দক্ষ অফিসারদের নির্বাচনের সময় এখানে না রেখে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে? এর নেপথ্যে কী ধরনের ‘আন্ডারস্ট্যান্ডিং’ রয়েছে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক পরিস্থিতি বিবেচনা না করেই আধিকারিকদের বদলি করা হচ্ছে। এক অফিসারের অসুস্থ সন্তানদের উদাহরণ টেনে তিনি বলেন, মানবিকতা বিসর্জন দিয়ে অফিসারদের দূরে পাঠানো হচ্ছে এবং বেছে বেছে বিজেপির ঘনিষ্ঠদের এখানে আনা হচ্ছে। মমতার দাবি, প্রায় ৫০০ জন অফিসারকে আগেভাগেই সরিয়ে দিয়ে রাজ্যের প্রশাসনিক কাজ স্তব্ধ করার চক্রান্ত চলছে।

কারও নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, অনেককেই দিল্লি নিয়ে যাওয়ার ভয় দেখানো হচ্ছে, যার প্রতিটি খবর তাঁর কাছে পৌঁছাচ্ছে। তবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বড়জোর এক মাসের জন্য কাজ থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু ভোট মিটে গেলেই রাজ্যের সমস্ত বকেয়া কাজ ফের দ্রুত গতিতে শুরু হবে। কমিশনের এই ‘অগণতান্ত্রিক’ আচরণের বিরুদ্ধে সামশেরগঞ্জের মঞ্চ থেকে এভাবেই সুর চড়ালেন তৃণমূল নেত্রী।

Related Articles