দোলের পরদিন বীরভূমে অভিনব রীতি, জীবন্ত মানুষকে ‘মরা’ সাজিয়ে গ্রাম পরিক্রমা
গ্রামবাসীরা এই বিশেষ অনুষ্ঠানকে ‘ধুলোয়’ নামে অভিহিত করেন।
Truth Of Bengal: দোল পূর্ণিমার পরদিন বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে এক অভিনব ও প্রাচীন লোকাচারের আয়োজন করা হয়। বহু বছর ধরে চলে আসা এই রীতিতে একজন জীবন্ত মানুষকে মৃতের সাজে সাজিয়ে গ্রাম পরিক্রমা করানো হয়। গ্রামবাসীরা এই বিশেষ অনুষ্ঠানকে ‘ধুলোয়’ নামে অভিহিত করেন।
অনুষ্ঠান শুরুর আগে গ্রামবাসীরা প্রথমে শ্মশান থেকে মৃতদেহ দাহ করার জন্য ব্যবহৃত বাঁশ ও অন্যান্য সামগ্রী নিয়ে আসেন। এরপর সেই বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করা হয়। সেই মাচার উপর একজন জীবন্ত মানুষকে শোয়ানো হয় এবং তাকে মৃত ব্যক্তির মতো করে সাজানো হয়।
এরপর মাচাসহ ওই ব্যক্তিকে নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করা হয়। এই সময় গ্রামজুড়ে চলে উৎসবের আবহ – হৈ-হুল্লোড়, আবির খেলা এবং আনন্দ উদযাপন। দোল উৎসবের আবহের মধ্যেই এই বিশেষ রীতির পালন করা হয়।
তবে ঠিক কী কারণে এই রীতি গ্রামে শুরু হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। গ্রামবাসীদের দাবি, বহু প্রজন্ম আগে তাঁদের পূর্বপুরুষরা গ্রামের কালীঠাকুর ও মা মনসার আরাধনার উদ্দেশ্যে এই প্রথা চালু করেছিলেন। সেই প্রাচীন রীতিই আজও একইভাবে পালন করে চলেছেন রায়পুর গ্রামের মানুষ।






